ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ায় গরুবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুরও মৃত্যু হয়েছে।
Advertisement
সোমবার (৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার পুনদাই মাদরাসা এলাকার আবু সাঈদের ছেলে বিল্লাল হোসেন (৪৫), আবদুস ছোবহানের ছেলে খুরশেদ (৬০) ও একই এলাকার পিকআপচালক খোকন (৩৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী ‘অনন্যা ক্লাসিক’ পরিবহনের। ঘটনার সময় বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। অন্যদিকে গরুবোঝাই তিনটি পিকআপ ভ্যান কিশোরগঞ্জ থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল, যার মধ্যে সামনে থাকা পিকআপটি বাসের সাথে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। আহত দুজন বাসের চালক ও সহযোগী (হেলপার)।
Advertisement
খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশন ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।
এসকে রাসেল/কেজে/এএসএম
Advertisement