রবিবার মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের জয়ের পর উদযাপনের সময় পড়ে গিয়ে কবজিতে গুরুতর চোট পেয়েছেন ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। জুদ বেলিংহামের দুটি গোল এবং হ্যারি কেইনের পেনাল্টি থেকে পাওয়া গোলে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ইংল্যান্ড ৩-২ ব্যবধানে ঐতিহাসিক জয় তুলে নেয়।
Advertisement
ভিএআর-এর হস্তক্ষেপে জ্যারেল কোয়ানসাহ লাল কার্ড দেখার পর ইংল্যান্ড দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জন খেলোয়াড় নিয়ে খেলে এবং ম্যাচের শেষ ৩০ মিনিট মেক্সিকোর একের পর এক আক্রমণ রুখে দেয়।
ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট পর, ইংল্যান্ডের খেলোয়াড়রা মাঠের এক প্রান্তের গ্যালারিতে থাকা সমর্থকদের কাছে ছুটে যান এবং তাদের সাথে যোগ দিয়ে ‘ওয়াসিস’ (Oasis) ব্যান্ডের বিখ্যাত গান ‘ওয়ান্ডারওয়াল’ (Wonderwall) গাওয়ার ঐতিহ্যবাহী আয়োজনে অংশ নেন। সেই উদযাপনের সময়ই পড়ে গিযে হেন্ডারসন আঘাত পান।
ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন জানান, একটি বিজ্ঞাপনের বোর্ডের ওপর পড়ে গিয়ে হেন্ডারসন আহত হন। টেলিভিশনের দৃশ্যে দেখা যায় তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ থমাস টুখেল নিশ্চিত করেন যে হেন্ডারসন ‘গুরুতর’ চোট পেয়েছেন।
Advertisement
টুখেল বলেন, ‘তার কবজিতে চোট লেগেছে এবং এই মুহূর্তে তিনি হাসপাতালে আছেন। এটি বেশ গুরুতর একটি চোট। জর্ডান এখন আমাদের সাথে নেই। বিষয়টি এই সুন্দর সন্ধ্যার আমেজকে কিছুটা ম্লান করে দিয়েছে। কী ধরনের চিকিৎসা বা প্রক্রিয়া চলছে তা আমি জানি না। আমি কেবল সংবাদ সম্মেলন শেষ করে এলাম এবং দলের ডাক্তার আমাকে জানালেন যে তিনি হাসপাতালে আছেন।’
ইংল্যান্ড দলের বাকি সদস্যরা যখন কানসাস সিটিতে দলের প্রশিক্ষণ ঘাঁটিতে ফিরে যাবেন, তখন হেন্ডারসন একজন স্টাফ সদস্যের সাথে রোববার রাতে মেক্সিকো সিটিতেই অবস্থান করবেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার বিপক্ষে মাঠে নামার মাধ্যমে হেন্ডারসন ইংল্যান্ডের পুরুষ দলের প্রথম খেলোয়াড় হিসেবে ৪টি বিশ্বকাপে খেলার কৃতিত্ব অর্জন করেন। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে হেন্ডারসন বেঞ্চেই ছিলেন তবে খেলার শেষ পর্যায়ে তাকে একটি হলুদ কার্ড দেখানো হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় চলতি বিশ্বকাপে থমাস টুখেলের দলে আর ফিরতে পারছেন না। আজতেকা স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার নিশ্চিত হওয়া গেছে, হেন্ডারসনের অস্ত্রোপচার করতে হবে। ফলে চলতি বিশ্বকাপে তার ফেরার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।
Advertisement
আরআর/আইএইচএস/