চট্টগ্রাম নগরে টানা প্রায় দুই ঘণ্টার বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যান চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন পথচারী ও কর্মস্থলফেরত মানুষ।
Advertisement
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় শুরু হওয়া ভারী বৃষ্টিতে নগরের মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাপাসগোলা ও কয়েকটি নিম্নাঞ্চলে সড়কে পানি জমে যায়। অনেক এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করে।
পথচারীরা জানান, অল্প সময়ের ভারী বৃষ্টিতেই অনেক সড়কে হাঁটুসমান পানি জমে যায়। ফলে অফিসফেরত মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। কিছু এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচলও ব্যাহত হয়।
কাতালগঞ্জের স্থানীয় বাসিন্দা পারভীন আক্তার জাগো নিউজকে বলেন, আমার ছেলেকে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতাল থেকে বাসায় যেতে পারছি না খাবারের জন্য। সড়কে হাঁটুসমান পানি। একটু বৃষ্টি হলেই বাসার নিচে পানি জমে যায়। এই দুর্দশা থেকে আমরা মুক্তি চাচ্ছি।
Advertisement
বহদ্দারহাটের বাসিন্দা সরকারি কর্মকর্তা হেফাজুতুল ইসলাম জাগো নিউজকে বলেন, অফিস শেষে বাসায় ফিরছি এমন সময়ে শুরু হয় ঝুম বৃষ্টি। কিছুক্ষণ বৃষ্টি হতে না হতেই রাস্তায় হাঁটুসমান পানি। ২০ টাকার রিকশা ভাড়া মুহূর্তেই ৫০ টাকা। বাধ্য হয়ে যেতে হলো, সাথে ভোগান্তিও হলো।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃষ্টি কমে আসার সঙ্গে সঙ্গে অধিকাংশ এলাকায় ধীরে ধীরে পানি নেমে যেতে শুরু করে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ কারণে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।
এমআরএএইচ/বিএ
Advertisement