আন্তর্জাতিক

‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

চলতি ফুটবল বিশ্বকাপে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে ফিফাকে অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করায় ট্রাম্প সন্তোষ প্রকাশ করেছেন।

Advertisement

তিনি বলেছেন, ফিফা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞা বহাল থাকলে তা টুর্নামেন্টের গায়ে একটি বড় দাগ হয়ে থাকত।

যুক্তরাষ্ট্র দলের বর্তমান শীর্ষ স্কোরার বালোগান। আগামী মঙ্গলবার (৭ জুলাই) সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে তার মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

আরও পড়ুন ট্রাম্পের এক ফোনেই বদলে গেলো ফিফার সিদ্ধান্ত! প্রশ্নের মুখে বিশ্বকাপ

তবে সোমবার রাতে ফিফা তার ওপর থাকা এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা আগামী ১২ মাসের জন্য স্থগিত করে। এর ফলে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের বেলজিয়ামের বিরুদ্ধে খেলার পথ পরিষ্কার হলো।

Advertisement

সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি জানান, খেলা চলাকালীন ওই ঘটনাকে তিনি কোনোভাবেই ফাউল মনে করেননি। এই কারণে তিনি ফিফাকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছিলেন।

ট্রাম্প আরও নিশ্চিত করেন, তিনি এই বিষয়ে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে সরাসরি কথা বলেছেন। তবে ট্রাম্পের দাবি, তিনি কেবল বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছিলেন। বালোগানের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য তিনি সুইজারল্যান্ডের এই নাগরিকের ওপর কোনো চাপ সৃষ্টি করেননি।

সেদিনের ঘটনা ব্যাখ্যা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার কাছে মনে হয়েছে দুজন দুর্দান্ত অ্যাথলেট একে অপরের ওপর আছড়ে পড়েছিলেন এবং জড়িয়ে গিয়েছিলেন। সেখানে ইচ্ছাকৃত কোনো ফাউল ছিল না।’

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি নিষেধাজ্ঞা বহাল থাকলে তা অন্যায় হতো। আমি ফিফাকে কী করতে হবে তা বলে দিতে পারি না। আমি বিশ্বাস করি ফিফা নিজে এই সিদ্ধান্ত নেয়নি, বরং তাদের স্বাধীন কমিশন এই সঠিক সিদ্ধান্তটি নিয়েছে।’

Advertisement

সূত্র: বিবিসিকেএএ/