চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া এলাকার হাসান সর্দ্দারপাড়ায় এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত শিশুর নাম মোহাম্মদ ইশতিয়াক। সে ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ইশতিয়াক নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে অতিবৃষ্টির পানিতে তলিয়ে থাকা একটি ডোবা-সংলগ্ন জমি থেকে তাকে উদ্ধার করেন। দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মোহাম্মদ আনোয়ার বলেন, শিশুটিকে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পানিতে ডুবে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, সে মারা গেছে।
Advertisement
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিলো। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও পানি জমে থাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এমআরএএইচ/এনএইচআর
Advertisement