জাতীয়

নরসিংদীতে বাকপ্রতিবন্ধী ববি বেগমের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৬

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে মারা যাওয়া বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি র‍্যাব।

Advertisement

শুক্রবার (১০ জুলাই) দুপুরে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ববি বেগমের ওপর হামলা ও লুটের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন টাকার জন্য হামলা, বাকপ্রতিবন্ধী সেই ববি আর নেই

গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ববি বেগমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে তার দীর্ঘদিনের সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়।

Advertisement

এরপর ৭ জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য, প্রায় দুই যুগ আগে একটি ট্রেন থেকে মেথিকান্দা রেলস্টেশনে নেমে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন বাকপ্রতিবন্ধী ববি বেগম। দীর্ঘদিন ধরে তিনি বিনা বেতনে প্ল্যাটফর্ম ও শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন। মানবিক কারণে স্টেশন কর্তৃপক্ষ তাকে একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দেয়।

আরও পড়ুন সড়কের পাশে ময়লার স্তূপে পুলিশের সোর্সের মরদেহ

স্টেশনের আশপাশের মানুষ ও যাত্রীরা নিয়মিত খাবার ও আর্থিক সহায়তা দিতেন। সেই সহায়তার অর্থ থেকে ২০ থেকে ২৫ বছর ধরে তিনি কিছু টাকা সঞ্চয় করেছিলেন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয়দের ধারণা, ওই সঞ্চিত অর্থের লোভেই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে টাকা লুট করে।

Advertisement

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ওঠে। এরই মধ্যে ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে।

টিটি/কেএসআর