দেশজুড়ে

সরকার বিদ্যুৎ না দিয়ে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে

সরকার বিদ্যুৎ না দিয়ে জনগণের হাতে মোমবাতি আর হারিকেন ধরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

Advertisement

শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালীর মাইজদীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রায় প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে পথসভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‌‘বিএনপি সরকার মানুষের হাতে মোমবাতি আর হারিকেন ধরিয়ে দিয়েছে। আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, আর এখন মাঝে মাঝে আসে। বিদ্যুতের পরিবর্তে জনগণ পেয়েছে হারিকেন আর মোমবাতি।’

​বিদ্যুৎ মন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘বিদ্যুৎ মন্ত্রী সংসদে দাঁড়িয়ে অসত্য বক্তব্য দিচ্ছেন যে, দেশে কোনো লোডশেডিং নেই। আমরা মন্ত্রীকে বলতে চাই, আপনার কথা সত্য, তবে তা কেবল আপনার বাসায় ও অফিসে। জনগণ এ প্রহসন চায় না, তারা লোডশেডিংমুক্ত বাংলাদেশ চায়।’

Advertisement

​জাতীয় নির্বাচন ও কর্মসংস্থান প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘২০১৪, ১৮ ও ২৪ সালেও ভোট চুরি হয়েছে, তবে তা ছিল ফল প্রকাশের আগে। আর এবার আমরা দেখলাম ফল প্রকাশের পরে ভোট চুরি হয়ে গেছে। আগে দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছিল, কিন্তু নির্বাচনের পরে বিএনপি এই ভোট চুরি করেছে।’

সরকারকে উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা বলেছিলেন এক কোটি কর্মসংস্থান নিশ্চিত করবেন। কিন্তু গত ছয় মাসে একটিও নতুন কর্মসংস্থান তৈরি করতে পারেননি। অত্যন্ত পরিতাপের বিষয়, গত ছয় মাসে কর্মসংস্থানের কোনো সার্কুলারই দেখা যাচ্ছে না।’

অনুষ্ঠানে ‘নোয়াখালী বিভাগ’ বাস্তবায়নে ​দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

তিনি বলেন, হাতিয়াসহ নোয়াখালীর বিস্তীর্ণ অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। আমরা এই অভিশাপ থেকে একসঙ্গে মুক্তি চাই।

Advertisement

​পদযাত্রা ও পথসভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে নোয়াখালীতে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভার আয়োজন করে এনসিপি।

ইকবাল হোসেন মজনু/এসআর