সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হচ্ছে না। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় সিলেট বিভাগের চার জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবদের নিয়ে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শনিবারের (১১ জুলাই) পরীক্ষা নিয়ে জরুরি বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবরা আশ্বস্ত করেন, সিলেট অঞ্চলে এখনো পরীক্ষা স্থগিত করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তাই আগামীকাল রুটিন অনুযায়ী যথাসময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকষ্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত হচ্ছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে সিলেট শিক্ষাবোর্ডের আওতাধীন হবিগঞ্জ ও মৌলভীবাজার দুই জেলায় বন্যার আকষ্মিক বন্যার কারণে বিষয়টি নিয়ে বৈঠকে বসে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।
Advertisement
বৈঠক শেষে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বোর্ডের আওতাধীন কেন্দ্রগুলো এখনো ভালো রয়েছে। তাই আমরা পরীক্ষা স্থগিত করছি না। তবে সামনে বন্যা পরিস্থিতি অবনতি হলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’
টানা তিন দিনের বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের হবিগঞ্জ ও মৌলীবাজারে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। এছাড়া সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আহমেদ জামিল/এসআর
Advertisement