ক্যাম্পাস

বাসে চবি শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Advertisement

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। পরে বাসের যাত্রীদের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অভিযুক্ত মোহাম্মদ জসিম ফটিকছড়ির ভুজপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাসে জানালার পাশে বসা ওই শিক্ষার্থীর পেছনের সিটে ছিলেন অভিযুক্ত। সিগারেটের ছাই ফেলার অজুহাতে তিনি শিক্ষার্থীর শরীরে স্পর্শ করেন। এতে শিক্ষার্থী প্রতিবাদ করলে অভিযুক্ত গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন শুরু করেন। একপর্যায়ে বাসের অন্যান্য যাত্রী হস্তক্ষেপ করলে হাটহাজারীতে তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশায় এসে অভিযুক্ত পুনরায় একই বাসে ওঠেন। এরপর তিনি ওই শিক্ষার্থীকে আবারো শারীরিকভাবে হয়রানি ও হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Advertisement

পরবর্তীতে বাসের যাত্রী, চালক ও হেলপারের সহায়তায় অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় নিয়ে যাওয়া হয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘সিগারেটের ছাই ফেলার অজুহাতে তিনি আমার শরীরে হাত দেন। আমি এবং বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ করলে তিনি হুমকি দিতে থাকেন। বাস থেকে নামিয়ে দেওয়ার পরও আবার বাসে উঠে আমাকে শারীরিকভাবে হয়রানি করেন।’

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে। এটির আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এফএ

Advertisement