মালয়েশিয়ার কাজাং হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. হারুন অর রশিদকে দেখতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের একটি প্রতিনিধি দল হাসপাতালে পরিদর্শন করেছে।
Advertisement
বুধবার (২২ জুলাই) প্রতিনিধি দলটি হাসপাতাল পরিদর্শন করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে রোগমুক্তির বিষয়ে আলোচনা করেন।
হাইকমিশন সূত্রে জানা যায়, প্রতিনিধি দলটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে হারুন অর রশিদের সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়। এ সময় চিকিৎসক জানান, বর্তমানে তার নিয়মিত ডায়ালাইসিস চলছে এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
আরও পড়ুন মালয়েশিয়ায় বাণিজ্যিক ভবনে অভিযান, বাংলাদেশিসহ আটক ১০৯চিকিৎসকদের ভাষ্যমতে, আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বাংলাদেশে পাঠানোর জন্য ‘ফিট টু ফ্লাই’ সনদ দেওয়া সম্ভব হতে পারে। তবে তার শারীরিক অবস্থার অগ্রগতির ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে।
Advertisement
জানা গেছে, গত ৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মো. হারুন অর রশিদকে হসপিটাল কাজাংয়ে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার কিডনির জটিল সমস্যাও ধরা পড়ে। বর্তমানে হৃদরোগের চিকিৎসার পাশাপাশি কিডনি সমস্যার কারণে তাকে নিয়মিত ডায়ালাইসিস দেওয়া হচ্ছে।
হাসপাতাল পরিদর্শনের সময় বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল চিকিৎসকদের কাছে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানায় এবং রোগীর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। পাশাপাশি তার পরিবারের সঙ্গে সার্বিক যোগাযোগ বজায় রাখা এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তার বিষয়েও আশ্বস্ত করেন।
হাইকমিশন জানায়, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়াকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা কিংবা অন্যান্য সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থেকে চিকিৎসা ও কনস্যুলার সহায়তা নিশ্চিত করতে হাইকমিশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রবাসী হারুন অর রশিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও। তার শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে এনে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Advertisement
এমআরএম