প্রবাস

রেস্তোরাঁ খাতে বিদেশিকর্মী আবেদন, এক মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

মালয়েশিয়ার ভারতীয় মুসলিম (মামাক) রেস্তোরাঁ খাতে দীর্ঘদিনের বিদেশিকর্মী সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে সমাধান বের করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

Advertisement

আগামী সোমবার থেকে এ নির্দেশনা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছে দ্য স্টার। প্রধানমন্ত্রী বলেছেন, যেসব খাতে জনবল সংকট সবচেয়ে তীব্র, সেসব খাতকে অগ্রাধিকার দিয়ে বিদেশিকর্মী নিয়োগসংক্রান্ত আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, শ্রমঘাটতির অজুহাতে সরকার নির্বিচারে বিদেশিকর্মী নিয়োগের অনুমতি দেবে না।

আরও পড়ুন মালয়েশিয়া ছাড়বো না, এখানকার মানুষ খুব ভালো: রোহিঙ্গার আকুতি

শুক্রবার রাতে পেনাং ইন্টারন্যাশনাল কনভেনশন, কালচারাল অ্যান্ড আর্টস সেন্টারে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান মুসলিম ট্রান্সফরমেশনাল ফ্রেমওয়ার্ক ২০৩০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার ইব্রাহিম এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বিদেশিকর্মী রয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অনিবন্ধিত কর্মীও রয়েছে। এ পরিস্থিতিতে সব ধরনের শ্রমঘাটতি পূরণের জন্য নির্বিচারে বিদেশিকর্মী নিয়োগের সুযোগ উন্মুক্ত করা হবে না। তবে রেস্তোরাঁসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে জরুরি জনবল সংকট রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।

Advertisement

আনোয়ার ইব্রাহিম বলেন, সরকার ব্যবসায়িক খাতের তাৎক্ষণিক জনবল চাহিদা পূরণ এবং দেশের বিদেশি কর্মী ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার মধ্যে ভারসাম্য বজায় রাখতে চায়। এ লক্ষ্যেই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতীয় মুসলিমদের সংগঠন পার্তুবুহান গাবুনগান মুকমিন ন্যাশনাল (মুকমিন)-এর অধীনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কল্যাণ কার্যক্রম পরিচালনার জন্য ২০ লাখ রিঙ্গিত অনুদান অনুমোদনের ঘোষণা দেন।

ভারতীয় মুসলিম সম্প্রদায়ের কর্মসংস্থান, শিক্ষা, অর্থায়ন ও আবাসনসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে আনোয়ার বলেন, জনগণের মতামত শুনেই সরকার নীতি নির্ধারণ করতে চায়।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে আমাদের আপনাদের কথা শুনতে হবে। আমি কখনো মনে করি না যে সবকিছু নিখুঁতভাবে করতে পেরেছি। আমি প্রতিনিয়ত শিখছি।

Advertisement

মালয়েশিয়াকে আরও সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

এমআরএম