শিক্ষা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পেতে অধীর অপেক্ষায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী। তাদের ফল নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় অভিভাবক-শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীরাও। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ না করায় এ উদ্বেগ আরও বাড়ছে।

Advertisement

অবশ্য শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, পরীক্ষার্থীদের এ অপেক্ষা ও অভিভাবকদের উদ্বেগ খুব বেশি দীর্ঘ হবে না। চলতি মাসেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো।

তবে ঠিক কবে ফল প্রকাশ করা হবে, তার দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি। শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলছেন, তারা ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুত করতে কাজ করছেন। আর শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, ৩০ জুলাই বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হতে পারে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘আমরা ২০ তারিখের (জুলাই) মধ্যে ফল প্রকাশের চেষ্টা করেছিলাম। সেটা সম্ভব হয়নি। এখন ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে ফল রেডি করে ফেলবো। এরপর শিক্ষা মন্ত্রণালয় যেদিন বলবে, সেদিন ফল প্রকাশ করা হবে।’

Advertisement

আরও পড়ুন এসএসসির ফল প্রকাশে দেরি কেন, বিপর্যয় নাকি প্রস্তুতির ঘাটতি?

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগের একজন কর্মকর্তা জাগো নিউজকে জানান, ‘বোর্ড যদি ২৮ তারিখের মধ্যে ফল প্রস্তুত করে তাহলে চলতি মাসেই ফল প্রকাশ করা সম্ভব। সেটা হতে পারে ৩০ জুলাই।’

তিনি বলেন, ‘২৭ জুলাই নতুন কুঁড়ি ক্রীড়ার উদ্বোধন হবে, প্রধানমন্ত্রী থাকবেন। ওই প্রোগ্রাম নিয়ে এখন মন্ত্রী, সচিবসহ শিক্ষা প্রশাসনে ব্যস্ততা। আবার ৩১ জুলাই শুক্রবার। সেক্ষেত্রে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা বেশি।’

চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ২০ মে। নিয়মানুযায়ী—পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা। সে হিসাবে ২০ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এবার ফল প্রকাশ করতে পারেনি শিক্ষা বোর্ড।

গত ২১ এপ্রিল এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। বিগত বছরগুলোর তুলনায় এবার এসএসসিতে বহিষ্কার ছিল খুবই কম।

Advertisement

এএএইচ/বিএ