শিক্ষা

অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হলেন অধ্যাপক আখতার হোসেন খান

 

Advertisement

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. মো. আখতার হোসেন খান।

রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার সই করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

একই দিনে কাউন্সিলের চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদকে অব্যাহতি দেওয়া হয়। তার স্থলে দায়িত্ব পেলেন ড. মো. আখতার হোসেন খান।

Advertisement

নতুন চেয়ারম্যানকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ৭(১) ধারা অনুযায়ী স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. মো. আখতার হোসেন খানকে আগামী ৪ বছরের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলরের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী- বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যান পদে থাকাকালীন তিনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ এর ৭(৪) ধারা অনুযায়ী পদমর্যাদা এবং প্রচলিত বিধি মোতাবেক বেতন-ভাতাদি ও পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। চেয়ারম্যান পদে তার মেয়াদ হবে ৪ বছর। তবে সরকার প্রয়োজনে যে কোনো সময়-এ নিয়োগ বাতিল করতে পারবে।

অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন। পরবর্তীতে তিনি ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে উপাচার্য হিসেবে যোগদান করেন।

এর আগে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে বিএসসি (অনার্স) এবং ১৯৮২ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এমএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ক্যানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ও পোস্ট-ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। সেখানে অধ্যয়নকালে তিনি ‘নিল অ্যান্ড ফ্লোরেন্স ই মোরহাউস’ ও ‘রসকো এলিস, জুনিয়র’ গ্র্যাজুয়েট স্কলারশিপের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার পান এবং আন্তর্জাতিক বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব দেন।

Advertisement

১৯৯৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০১৭ সালে সিলেকশন গ্রেড (গ্রেড-১) অধ্যাপক হন। কর্মজীবনে তিনি অমর একুশে হলের প্রাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ডুটা) পরপর দুই মেয়াদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা জার্নালে তার বহু গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

তিন সদস্যকে অব্যাহতি, নতুন তিনজনকে নিয়োগ

এদিকে, একই দিনে পৃথক প্রজ্ঞাপনে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের তিনজন সদস্যকে অব্যাহতি দেওয়া হয়। তারা হলেন- অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম, ড. গুলশান আরা লতিফা এবং অধ্যাপক ড. এস এম কবীর।

অন্যদিকে তাদের স্থলে নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল ও একই বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. শাহ এমরান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান।

এএএইচ/কেএইচকে