ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতিদিন সমাবেশের সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সচেতনতামূলক বক্তব্য দিতে হবে। একই সঙ্গে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির নিয়মিত দেওয়া নির্দেশনা পালন করতে হবে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বলা হয়েছে। নির্দেশনাগুলো বাস্তবায়ন করে তা দপ্তরকে জানাতে হবে।
Advertisement
রোববার (২৬ জুলাই) কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এ চিঠি সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো হয়েছে। একই চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরও তাদের আওতাধীন প্রতিষ্ঠানে পাঠিয়েছে বলে জানা গেছে।
চিঠিতে বলা হয়, ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির ২০২৬ সালের প্রথম সভার কার্যবিবরণীতে কারিগরি ও মারাসা শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো পালনের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ ও যথাযথভাবে বাস্তবায়ন করে এ দপ্তরকে অবহিত করার জন্য নির্দেশক্রমে চিটি পৃষ্ঠাংকন করে সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে পাঠানো হলো।
Advertisement
এর আগে অধিদপ্তরকে পাঠানো শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সভাপতিত্বে ২৩ জুন অনুষ্ঠিত সভায় এ বিভাগ সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো উল্লেখ করা হলো।
সিদ্ধান্তগুলোর মধ্যে শিক্ষা-সংশ্লিষ্ট নির্দেশনাগুলো হলো-১. প্রতিদিন সমাবেশের সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ডেঙ্গু সচেতনতামূলক বক্তব্য দিতে হবে।
২. বাচ্চাদের মাধ্যমে ডেঙ্গু বিষয়ে শিক্ষা অভিভাবকদের কাছে পৌঁছাতে হবে।
৩. নাগরিকদের সচেতন করতে হবে। স্কুলের শিক্ষকদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সচেতনতামূলক লিফলেট বিতরণ করতে হবে এবং এ বিষয়ে শিক্ষকদের নির্দেশনা দিতে হবে।
Advertisement
এ সিদ্ধান্তগুলো যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এএএইচ/এসএনআর