তথ্যপ্রযুক্তি

মুখের ভিডিও দিলেই হবে, পাসওয়ার্ড ছাড়াই খুলবে গুগল অ্যাকাউন্ট

পাসওয়ার্ড ভুলে গিয়ে গুগল অ্যাকাউন্টে ঢুকতে না পারার সমস্যার দিন হয়তো শেষ হতে চলেছে। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তা আরও সহজ ও আধুনিক করতে নতুন একটি ফিচার নিয়ে আসছে গুগল। নাম ‘সেলফি ভিডিও সাইন-ইন’। এই প্রযুক্তির মাধ্যমে মুখের ভিডিও ব্যবহার করে পরিচয় যাচাই করে অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পাওয়া যাবে।

Advertisement

বর্তমানে অনেক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি পরিষেবা য় ভিডিও-ভিত্তিক পরিচয় যাচাই ব্যবহৃত হয়। এবার একই ধরনের প্রযুক্তিকে গুগল অ্যাকাউন্ট সুরক্ষার ক্ষেত্রেও যুক্ত করা হচ্ছে। তবে গুগল জানিয়েছে, এই সুবিধা মূলত পাসওয়ার্ড হারিয়ে গেলে বা অ্যাকাউন্ট রিকভারির প্রয়োজন হলে ব্যবহার করা হবে।

কী এই সেলফি ভিডিও সাইন-ইন?

নতুন এই ফিচারে ব্যবহারকারীকে নিজের মুখের একটি ভিডিও রেকর্ড করতে হবে। এরপর সেই ভিডিওর মাধ্যমে গুগল নিশ্চিত করবে যে অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করা ব্যক্তি সত্যিই ওই অ্যাকাউন্টের মালিক কি না।

আরও পড়ুন টেক্সট লিখলেই মনের মতো ভিডিও তৈরি করে দেবে গুগল

বর্তমানে স্মার্টফোনে ফেস আনলক বা ফেস আইডি প্রযুক্তির মাধ্যমে মুখ শনাক্ত করে ডিভাইস খোলা যায়। গুগলের নতুন পদ্ধতিও অনেকটা একই ধারণার ওপর ভিত্তি করে তৈরি। তবে এটি শুধুমাত্র ফোন আনলক নয়, বরং গুগল অ্যাকাউন্টের পরিচয় যাচাইয়ের কাজে ব্যবহার করা হবে।

Advertisement

কীভাবে কাজ করবে এই ফিচার?

সেলফি ভিডিও সাইন-ইন চালু করার সময় ব্যবহারকারীকে ফোনের ক্যামেরার সামনে নিজের মুখ দেখাতে হবে। স্ক্রিনে দেওয়া নির্দেশনা অনুযায়ী মুখ ডানে-বামে ঘোরানো বা নির্দিষ্ট কিছু নড়াচড়া করতে হতে পারে। এর মাধ্যমে গুগল ব্যবহারকারীর মুখের বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য শনাক্ত করবে। পরবর্তীতে অ্যাকাউন্টে লগইন করতে সমস্যা হলে এই তথ্য ব্যবহার করে পরিচয় যাচাই করা হবে।

এই প্রক্রিয়ার মাধ্যমে গুগল শুধু মুখের ছবি নয়, বরং ব্যবহারকারী জীবিত অবস্থায় ক্যামেরার সামনে রয়েছেন কি না, সেটিও যাচাই করবে। ফলে কেউ যাতে ছবি বা আগে থেকে ধারণ করা ভিডিও ব্যবহার করে প্রতারণা করতে না পারে, সেই বিষয়টিও নিশ্চিত করা হবে।

কতটা নিরাপদ সেলফি ভিডিও সাইন-ইন?

নতুন এই প্রযুক্তি নিয়ে অনেকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে মুখের ভিডিও কি নিরাপদ থাকবে? গুগলের দাবি, ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই ফিচার তৈরি করা হয়েছে। সেলফি ভিডিও-এর তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে এবং এটি শুধু অ্যাকাউন্ট লগইন বা রিকভারি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হবে। এছাড়া ভিডিও ডাটা এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে গুগল। ব্যবহারকারী চাইলে পরবর্তীতে এই তথ্য মুছে ফেলতেও পারবেন।

পাসওয়ার্ডের বিকল্প হিসেবে নতুন যুগ

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বর্তমানে পাসওয়ার্ড নির্ভরতা কমানোর দিকে এগোচ্ছে। কারণ অনেক ব্যবহারকারী দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেন বা পাসওয়ার্ড ভুলে যাওয়ার সমস্যায় পড়েন। গুগল এরইমধ্যে পাসকি-এর মতো পাসওয়ার্ডবিহীন লগইন ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও নিরাপদ উপায়ে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। তবে সেলফি ভিডিও সাইন-ইন হবে মূলত তাদের জন্য, যারা পাসওয়ার্ড মনে রাখতে সমস্যায় পড়েন বা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রয়োজন হয়।

Advertisement

আরও পড়ুন হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কি না বুঝবেন যেভাবে থাকবে পুরোনো রিকভারি পদ্ধতিও

নতুন ফিচার এলেও গুগল অ্যাকাউন্টে প্রবেশের অন্যান্য পদ্ধতি বন্ধ হচ্ছে না। ব্যবহারকারীরা আগের মতোই রিকভারি ইমেল, ফোন নম্বর কিংবা পাসকি ব্যবহার করে অ্যাকাউন্ট ফিরে পেতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে মুখ শনাক্তকরণ, ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে। তবে এর পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও হবে বড় চ্যালেঞ্জ।

গুগলের সেলফি ভিডিও সাইন-ইন সেই ভবিষ্যতেরই একটি অংশ, যেখানে পাসওয়ার্ডের বদলে নিজের পরিচয়ই হয়ে উঠবে অ্যাকাউন্টের চাবি।

সূত্র: দ্য ভার্জ

কেএসকে