ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়গুলোতে আর কখনো ভয়ের সংস্কৃতি ফিরে না আসুক: আখতার হোসেন

আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, তখন দেশে ভয়ের রাজনীতি ও ফ্যাসিবাদী পরিবেশ বিরাজ করছিল। অন্যায়ের প্রতিবাদ করা ছিল জীবনের ঝুঁকি নেওয়ার শামিল।

Advertisement

রোববার (২৬ জুলাই) দুপুর ১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে জাতীয় ছাত্রশক্তি, ইবি শাখা আয়োজিত ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘আমরা চাই, বিশ্ববিদ্যালয়গুলোতে আর কখনো হল দখল, নির্যাতন, বাকস্বাধীনতা হরণ কিংবা ভয়ের সংস্কৃতি ফিরে না আসুক। যে-ই ক্ষমতায় থাকুক না কেন, কোনো ছাত্রসংগঠনই যেন অতীতের মতো ক্যাম্পাস দখলের সংস্কৃতি তৈরি না করে। জাতীয় ছাত্রশক্তিসহ সব ছাত্রসংগঠনকে ‘চেক অ্যান্ড ব্যালেন্স’-এর মধ্যে থেকে শিক্ষার্থীদের অধিকার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়; এখান থেকেই সম্প্রীতি, গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্বের শিক্ষা নিতে হবে। শিক্ষার্থীদের দেশের বৈষম্য, অন্যায় ও বিভিন্ন অসংগতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ভূমিকা রাখতে হবে।’

Advertisement

আখতার হোসেন বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এ ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।’

আরও পড়ুন ৩১ দফা অঙ্গীকার থেকে সরে এসেছে বিএনপি: আখতার হোসেন

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, ‘আমাদের সমাজে এখনো ভয়ের রাজনীতি বিদ্যমান। আখতার, নাহিদসহ জুলাইয়ের পরিচিত মুখগুলোকে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরাও ইতিবাচকভাবে দেখেন। কিন্তু নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেই রাজনৈতিক ট্যাগ পাওয়ার আশঙ্কা তৈরি হয়। আমরা এই ভয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ে গুম, খুন ও লাশ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা আমরা দেখেছি। এসব ঘটনার পর রাজনীতি করার ইচ্ছা ছিল না। তবে নিজের পেশাগত অবস্থান ঠিক রেখেই রাজনীতিতে যুক্ত হয়েছি। আমি শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদের বলব- শুধু চাকরির কথা নয়, ভবিষ্যতে চেয়ারম্যান, মেম্বার কিংবা সংসদ সদস্য হওয়ার স্বপ্নও দেখতে হবে। এখানে উপস্থিত অনেকেরই সেই যোগ্যতা রয়েছে।’

শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

Advertisement

ইরফান উল্লাহ/এসজেডএইচ/এএসএম