বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নতুন তিনজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। আগামী চার বছরের জন্য তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
Advertisement
রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছ। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী নাঈমা খন্দকার।
নতুন নিয়োগ পাওয়া তিন সদস্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মেহেদী খান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ভাস্কুলার সার্জারি বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর-১০/৭৩)-এর সংশোধিত আইন, ১৯৯৮-এর ৪ (১) (বি) ধারা অনুযায়ী নিম্নোক্ত তিনজনকে কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
Advertisement
নিয়োগের ক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে। সেগুলো হলো- তাদের নিয়োগের মেয়াদ হবে ৪ বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পূর্বে দায়িত্ব হতে অব্যাহতি দিতে পারবেন।
এছাড়া তারা অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতনভাতা প্রাপ্য হবেন; কমিশনের সদস্য হিসেবে তারা প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাবেন এবং এ নিয়োগ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
তিন সদস্যকে সরিয়ে দিলো ইউজিসি
এদিকে, নতুন তিনজনকে নিয়োগের আগেই ওই তিন পদে দায়িত্বরত তিনজন সদস্যকে সরিয়ে দেওয়া হয়। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
Advertisement
অব্যাহতি পাওয়া তিন সদস্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।
এএএইচ/কেএইচকে