জাতীয়

ওভারটাইমের টাকা না পেয়ে প্রাইভেটকার নিয়ে পালালেন চালক, উদ্ধার করলো ৯৯৯

ওভারটাইমের বকেয়া টাকা না পেয়ে মালিকের প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করেন এক চালক। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকল করার পর পুলিশের তৎপরতায় রাজধানীর বংশাল এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িচালক মো. জলিল মৃধাকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২৭ জুলাই) সকালে ঢাকার ভাটারা থানার নতুনবাজার এলাকা থেকে গাড়ির মালিক ৯৯৯-এ ফোন করে জানান, তার ব্যক্তিগত গাড়িচালক কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে চলে গেছেন। চালক তার ফোনও রিসিভ করছেন না। পরে তিনি গাড়ি উদ্ধারে ৯৯৯-এর সহায়তা চান।

খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক কন্ট্রোল রুমকে জানায়।

কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো. মৃদুল আহমেদ। পুরো উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট ইউনিট ও অভিযোগকারীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই মো. হারুনুর রশিদ।

Advertisement

আরও পড়ুন ৯৯৯-এ ফোনকল / ‘আমাকে গুলি করে বাসায় তালাবদ্ধ করে রেখেছে, বাঁচান’

পরে ট্রাফিক কন্ট্রোলের তথ্যের ভিত্তিতে বংশাল থানার চানখাঁরপুল চৌরাস্তায় নাজিমউদ্দিন রোডের শামীম ডেন্টালের সামনে থেকে সার্জেন্ট তৌফিক এলাহী সুজন ঢাকা-মেট্রো-গ-২২-৮৮৭৮ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করেন।

পরে বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি থানায় নিয়ে আসে এবং আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় প্রাইভেটকার চুরির অভিযোগে মো. জলিল মৃধা (৫৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। বর্তমানে তিনি রাজধানীর ভাটারা থানার সাইদনগর এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চালক দাবি করেন, ওভারটাইমের বকেয়া টাকা না পাওয়ায় ক্ষোভ থেকে তিনি গাড়িটি নিয়ে চলে যান। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

টিটি/এমকেআর