ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ার পর এবার বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিতব্য নতুন একটি টেলিভিশন ধারাবাহিকে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করবেন তিনি। ডেডলাইন ও গোলডটকম সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
Advertisement
শুধু তাই নয়, ধারাবাহিকটিতে বিশেষ উপস্থিতিতেও দেখা যাবে তাকে। একই প্রকল্পে যুক্ত হয়েছেন ফ্রান্স ও আর্সেনালের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরিও।
‘প্রথম দিনগুলো’ নামের এই ধারাবাহিকটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৮ সালের ডিসেম্বরে। নির্মাণকাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। যুক্তরাজ্যের বারনেট ফুটবল ক্লাবের মাঠে এর শুটিং চলছে।
ধারাবাহিকটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা ম্যাথিউ ভন। তিনি এর আগে ‘কিংসম্যান’ সিরিজের মতো আলোচিত চলচ্চিত্র নির্মাণ করেছেন। রোনালদোর সঙ্গে যৌথভাবে গড়া তাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
Advertisement
গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। তার নাম স্ট্যানলি ডালটন। এই চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ডেমিয়ান লুইস। বাস্তব জীবনের ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের ধারণা থেকে গল্পটি তৈরি হয়েছে।
উল্লেখ্য, ড্যারেন ডেইন দীর্ঘদিন ধরে থিয়েরি অঁরির প্রতিনিধিত্ব করছেন।
রোনালদো এই নতুন যাত্রা নিয়ে বলেন, ‘এটি আমার জীবনের একটি নতুন অধ্যায়। ফুটবলের বাইরে নতুন কিছু করার জন্য আমি দারুণ উচ্ছ্বসিত।’
অন্যদিকে নির্মাতা ম্যাথিউ ভনের ভাষ্য, ‘রোনালদো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন, যা কোনো চিত্রনাট্যকারের পক্ষেও লেখা কঠিন। এবার সেই অনুপ্রেরণাকে আমরা পর্দায় তুলে ধরতে চাই।’
Advertisement
ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন ব্রিটিশ সংগীতশিল্পী ডেভ এবং নবাগত অভিনেত্রী কার্লোটা বানাত।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। তবে ফুটবলের পাশাপাশি ব্যবসা, গণমাধ্যম ও বিনোদন অঙ্গনেও নিজের অবস্থান আরও শক্ত করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে শতকোটি অনুসারী থাকা এই তারকার নতুন টেলিভিশন প্রকল্প নিয়ে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এলআইএ