মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান। সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ৩১ জুলাই। তবে সুখবর হলো, বিশ্বের অনেক দেশের আগেই বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।
Advertisement
যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মুক্তির একদিন আগে, ৩০ জুলাই দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই স্পাইডার-ম্যান তথা পিটার পার্কারের চরিত্রে দেখা যাবে টম হল্যান্ডকে। এমজে চরিত্রে ফিরছেন জেন্ডায়া, আর নেডের ভূমিকায় থাকছেন জ্যাকব ব্যাটালন। এছাড়া হাল্ক চরিত্রে আবারও দেখা যাবে মার্ক রাফেলোকে।
নতুন কিস্তিতে যুক্ত হয়েছেন কয়েকজন আলোচিত অভিনয়শিল্পীও। ‘আসোকা’ খ্যাত অভিনেতা ইমান এসফান্ডি অভিনয় করেছেন এমজের নতুন প্রেমিকের চরিত্রে। ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা সেডি সিঙ্ক রয়েছেন একটি রহস্যময় ভূমিকায়। আর মার্ভেল ভক্তদের সবচেয়ে বড় চমক, জন বার্নথাল আবারও বড় পর্দায় ফিরছেন তার জনপ্রিয় ‘দ্য পানিশার’ চরিত্রে।
Advertisement
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পরবর্তী সময়। ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে পুরো পৃথিবী পিটার পার্কারকে ভুলে গেছে। ফলে নিজের পরিচয় গোপন রেখেই নিউইয়র্ক শহরকে রক্ষা করার দায়িত্ব পালন করছে স্পাইডার-ম্যান। একদিকে নিঃসঙ্গতা, অন্যদিকে নতুন এক রহস্যময় শত্রুর আবির্ভাব- সব মিলিয়ে এবার পিটারকে মানসিক ও শারীরিকভাবে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আগের তুলনায় তাকে আরও পরিণত, দায়িত্বশীল ও আত্মনির্ভর রূপে দেখা যাবে।
আরও পড়ুন ‘প্রেশার কুকার’ সিনেমার নায়িকাকে হাত-পা বেঁধে নির্যাতন, যা ঘটেছিলোশুধু গল্প নয়, প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এটি বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে স্ক্রিনএক্স প্রযুক্তির জন্য নির্মিত হয়েছে। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি সিনেমা হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়। ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানোরমিক অভিজ্ঞতায় সিনেমা উপভোগ করতে পারবেন।
মুক্তির আগেই সিনেমাটি ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় এটি ৭১ কোটি ৮৬ লাখের বেশি ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রিও চলছে জোরেশোরে। সব মিলিয়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বছরের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা হতে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এলআইএ
Advertisement