রাজধানীর মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন ও আশপাশের এলাকায় অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ সময় চারটি মামলায় জরিমানাও আদায় করা হয়েছে।
Advertisement
সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ডিএমটিসিএল জানায়, অভিযানে এমআরটি পুলিশ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানা পুলিশ, আনসার সদস্য এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নেন।
অভিযানটি মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলের ‘এ’ গেট থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গেট এবং সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। এ সময় অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি কয়েকটি অবৈধ দোকানের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়।
Advertisement
ডিএমটিসিএল জানায়, এ অভিযানের ফলে স্টেশনসংলগ্ন এলাকা দখলমুক্ত হয়েছে। এতে মেট্রোরেলের যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের পরিবেশ নিশ্চিত হয়েছে।
সংস্থাটি আরও জানায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএমএ/কেএইচকে
Advertisement