বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রস্তুত হওয়া ৮০০টির বেশি পাসপোর্ট তিন মাসেরও বেশি সময় ধরে অবিতরণ অবস্থায় পড়ে আছে। নির্ধারিত সময় পার হলেও গ্রাহকরা পাসপোর্ট সংগ্রহ করতে না আসায় বিতরণ কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Advertisement
এ পরিস্থিতিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করার পাশাপাশি জেলার ১০ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছেও চিঠি পাঠিয়েছে পাসপোর্ট অফিস।
বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজী খন্দকার বলেন, ‘পাসপোর্টগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক গ্রাহক সেগুলো সংগ্রহ করতে আসছেন না। বিষয়টি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। পাশাপাশি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত পাসপোর্টগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।’
তবে কোন উপজেলায় কতটি পাসপোর্ট অবিতরণ অবস্থায় রয়েছে, সে বিষয়ে উপজেলা-ভিত্তিক তথ্য দিতে রাজি হননি তিনি।
Advertisement
এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পাসপোর্ট অফিসের পক্ষ থেকে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। প্রস্তুত পাসপোর্ট দ্রুত সংগ্রহে মানুষকে উদ্বুদ্ধ করতে প্রতিটি উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হবে। এর মাধ্যমে অবিতরণ থাকা পাসপোর্টগুলো দ্রুত গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শাওন খান/কেএইচকে