দেশজুড়ে

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য রাবি অধ্যাপক খালেদ উজ্জামান

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইইআর) শিক্ষক।

Advertisement

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সে সময় পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও আচার্য এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ড. মো. খালেদ উজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইইআরের অধ্যাপক। শিক্ষকতা, গবেষণা ও শিক্ষা প্রশাসনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহসভাপতির দায়িত্বও পালন করেছেন। উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা, শিক্ষা-উদ্ভাবন এবং অ্যাকাডেমিক নেতৃত্বে তার অবদান উল্লেখযোগ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Advertisement

নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের প্রত্যাশা, তার নেতৃত্বে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক অ্যাকাডেমিক পরিবেশ আরও শক্তিশালী হবে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন তিনি।

এইচ এম কামাল/কেএইচকে