ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। তবে নবজাতকের বাবার পরিচয় এখনো মেলেনি। প্রশাসন জানিয়েছে, মা ও শিশুর পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সার্বিক দায়িত্ব সরকার বহন করবে।
Advertisement
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফুলসূতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভারসাম্যহীন নারী ও নবজাতকের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই নারী ফুলসূতী বাজার ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। বাজারের বিভিন্ন মানুষ তাকে খাবার ও প্রয়োজনীয় সহায়তা দিতেন। সোমবার হঠাৎ প্রসববেদনা উঠলে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন। পরে তিনি বাজার এলাকাতেই একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে স্থানীয়রা মা ও নবজাতককে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে মা ও শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ হাসপাতালে গিয়ে মা ও নবজাতকের খোঁজখবর নেন।
Advertisement
এ ব্যাপারে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ জানান, মা ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। এসময় তিনি নবজাতককে কোলে তুলে নেন। তিনি বলেন, ‘একজন গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমি সঙ্গে সঙ্গে মা ও শিশুটিকে হাসপাতালে আনার নির্দেশনা দেই। এখন তাদের সুস্থ দেখে খুব ভালো লাগছে। আমরা একটি নতুন প্রাণ পেয়েছি, এটিই সবচেয়ে বড় বিষয়।’
তিনি আরও বলেন, ‘মা ও শিশুর পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের থাকা, চিকিৎসা ও প্রয়োজনীয় সব ধরনের দায়িত্ব সরকার গ্রহণ করবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।’
এন কে বি নয়ন/এফএ/এএসএম
Advertisement