দেশজুড়ে

শিলের আঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

নিহত তানিয়া খাতুন (২৪) বিষমডাঙ্গা গ্রামের সোহবার আলী সেখের মেয়ে। তার স্বামী শাহপরানের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়। তবে তিনি শ্বশুরবাড়ি বিষমডাঙ্গা গ্রামেই ঘরজামাই হিসেবে বসবাস করতেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় পাঁচ বছর আগে শাহপরান বিদেশে থাকা অবস্থায় তানিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দেশে ফিরে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। শাহপরানের পরিবারের কেউ না থাকায় তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন এবং রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

তারা আরও জানান, সোমবার (২৭ জুলাই) রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে ঘরের ভেতরে তানিয়াকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

Advertisement

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, রাতের কোনো এক সময় তানিয়াকে মশলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী শাহপরান স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এম এ মালেক/এসজেডএইচ/এএসএম

Advertisement