তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের সরকারের শত্রু, দলের শত্রু, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার শত্রু।
Advertisement
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের পাশে উপজেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এম জহির উদ্দিন স্বপন বলেন, মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ। এত ক্ষমতার মালিক শেখ হাসিনার শেষ পর্যন্ত বিড়ালের মতো পালিয়ে যেতে হয়েছে।
তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী এত বড় একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যেই সব অল্প বয়স্ক তরুণ ছাত্রদের তেলাপোকার সঙ্গে তুলনা করেছিল, সেই তেলাপোকাদের কারণে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে হয়েছে, তাদের দাবি মানতে বাধ্য হয়েছে। অতএব, যখন-তখন জনগণকে ছোট করা, তেলাপোকা মনে করা, ছারপোকা মনে করা, এইসব ঔদ্ধত্য যেই রাজনৈতিক নেতাকর্মীরা দেখায় তারা দলের শত্রু, জনগণের শত্রু। এটা আমি অতীতে সাবধান করেছি, বর্তমানেও সাবধান করে দিচ্ছি।
Advertisement
উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, কৃষকদলের জেলা উত্তরের সদস্য সচিব ভিপি মো. সেলিম হোসেন প্রমুখ।
আরও পড়ুন নৈশপ্রহরী থেকে হিসাবরক্ষক, কোষাগারের টাকা জমা হতো পকেটেএকইদিন তথ্যমন্ত্রী বরিশালের গৌরনদীতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী তিনটি পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।
পরে দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-২০২৬ এর অর্থায়নে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে তথ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করেছেন। একই অনুষ্ঠানে মন্ত্রী ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে জেলা পর্যায়ে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট দেন।
শেষে তথ্যমন্ত্রী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস ও বন সংরক্ষক ড. মোল্লা রেজাউল করিম।
Advertisement
শাওন খান/এনএইচআর