স্বাস্থ্য

মিরপুরে দেওয়াল ধসে আহতদের চিকিৎসার সব খরচ সরকার দেবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মিরপুরে দেওয়াল ধসে আহতদের দেখতে গিয়ে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আহতদের চিকিৎসার সব খরব বহন করবে সরকার।

Advertisement

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে পরিদর্শনকালে আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হবে। চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে, সেজন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেওয়াল ধসে দুজনের মৃত্যু

হাসপাতালে কোনো ধরনের খরচ রোগীদের বহন করতে হবে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসা সামগ্রী আনতে হলে তার হিসাব রাখা হবে এবং আমরা তার পুরো অর্থ পরিশোধ করবো। এরই মধ্যে প্রাথমিক খরচ হিসেবে রোগীদের হাতে নগদ অর্থ দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেওয়াল ধসে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন এবং একজন হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। নিটোরে পাঁচজন চিকিৎসাধীন। এছাড়া, একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে আহতরা শঙ্কামুক্ত আছেন।

এসইউজে/এএমএ