ক্যাম্পাস

জবি ছাত্রশক্তির নেতৃত্বে শাহিন মিয়া ও ফেরদৌস শেখ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহিন মিয়াকে সভাপতি এবং ফেরদৌস শেখকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

Advertisement

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান মঙ্গলবার (২৮ জুলাই) এই আংশিক কমিটি ঘোষণা করেন। এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে কামরুল হাসান রিয়াজ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হিসেবে জিহাদ ইসলাম শাওন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহিনুর রহমান ও রাকিবুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, ‘জাতীয় ছাত্রশক্তি বিশ্বাস করে, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণই ছাত্ররাজনীতির মূল লক্ষ্য। সেই আদর্শকে ধারণ করেই আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।’

‘আবাসন সংকটের স্থায়ী সমাধান, দ্বিতীয় ক্যাম্পাসের দ্রুত বাস্তবায়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবো। ব্যক্তিগত বা সাংগঠনিক স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবো,’ যোগ করেন তিনি।

Advertisement

আরও পড়ুন রাবিপ্রবি ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

সভাপতি নির্বাচিত করায় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদকে ধন্যবাদ জানিয়ে শাহিন মিয়া বলেন, ‘আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চাই। বর্তমানে যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সহাবস্থানের অসংগতি দেখা যাচ্ছে, তা দূর করে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ক্লাস করতে পারেন, সে জন্য ক্যাম্পাসে শান্ত, নিরিবিলি ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতে কাজ করবো। এই প্রত্যাশা নিয়েই আমরা নতুনভাবে যাত্রা শুরু করতে চাই।’

শাহিন জানান, তারা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আবাসন সংকটের টেকসই সমাধান, দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। পাশাপাশি নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই হবে তাদের অন্যতম অগ্রাধিকার। ব্যক্তিগত কিংবা সাংগঠনিক স্বার্থের চেয়ে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও স্বার্থকে সর্বাগ্রে রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন।

টিএইচকিউ/একিউএফ

Advertisement