পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের (ইউনিলিভারসিএল) চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ধস নেমেছে। আগের বছরের তুলনায় মুনাফা কমে তিনভাগের একভাগে নেমেছে। একই সঙ্গে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও (এনএভি) কমেছে। তবে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহে উন্নতি হয়েছে।
Advertisement
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্যে অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৬২ পয়সা। আর চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ইপিএস হয়েছে ১০ টাকা ৩৩ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ১৯ টাকা ৭৮ পয়সা।
আরও পড়ুন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের ব্যবসা কমেছে ৮.৫ শতাংশকোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, বিক্রি কমে যাওয়া এবং আগের বছরের একই সময়ে ট্রেডমার্ক ও প্রযুক্তি রয়্যালটি-সংক্রান্ত দায় পুনর্মূল্যায়নের ফলে এককালীন মুনাফা যুক্ত হওয়ায় এবার শেয়ারপ্রতি আয় কমেছে।
Advertisement
তবে জানুয়ারি-জুন সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে ৩০ টাকা ১৩ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ঋণাত্মক ২৩ টাকা ৫৭ পয়সা ছিল।
কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, আগের বছরে ইউস্যান্স পেঅ্যাবল অ্যাট সাইট (ইউপিএএস) এলসির অধিকাংশ দায় পরিশোধ হওয়ায় চলতি বছরে পরিচালন ব্যয় কমেছে, ফলে নগদ প্রবাহের উন্নতি হয়েছে।
এদিকে ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা, যা এক বছর আগে একই সময়ে ছিল ৯৪ টাকা ৬১ পয়সা। ২০২৫ অর্থবছরের লভ্যাংশ ঘোষণা ও পরিশোধের কারণে এনএভি কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
আরও পড়ুন ভাঙার চেয়ে বিক্রি বেশি, ইতিবাচক ধারায় ফিরছে সঞ্চয়পত্রএছাড়া পরিচালনা পর্ষদ ২৮ জুলাই ২০২৬ থেকে কার্যকর করে মো. রুহুল কুদ্দুস খানকে তিন বছরের জন্য কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে সামসুদ্দোহা নাঈমকে হেড অব ফাইন্যান্স এবং শারমিন আক্তারকে কোম্পানি সচিব হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
পাশাপাশি কার্যকর মূলধনের চাহিদা মেটাতে সহযোগী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডকে সর্বোচ্চ ১৫০ কোটি টাকার জামানতবিহীন আন্তঃপ্রতিষ্ঠান ঋণ সুবিধা দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। ২৪ মাস মেয়াদি এ ঋণ সুবিধা বাজারসম্মত শর্তে প্রদান করা হবে।
এমএএস/ইএ