জাতীয়

স্বেচ্ছায় নয়, পুলিশের তৎপরতায় পূর্বাচলের ডিপোতে যাচ্ছে বাস

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের যানজট কমাতে পূর্বাচলে চালু করা অস্থায়ী বাস ডিপোতে স্বেচ্ছায় বাস যাচ্ছে না। উদ্বোধনের দুই সপ্তাহ পার হলেও অধিকাংশ পরিবহন এখনো আগের ব্যবস্থাতেই পরিচালিত হচ্ছে। ফলে ডিপোটি সচল রাখতে ট্রাফিক পুলিশকে মাঠে নেমে বাসগুলো সেখানে পাঠাতে হচ্ছে।

Advertisement

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাখালী এলাকায় দীর্ঘসময় অবস্থান করা বা ট্রিপের অপেক্ষায় থাকা বাসগুলোকে ট্রাফিক পুলিশ অস্থায়ী ডিপোতে পাঠাচ্ছে। তবে অধিকাংশ পরিবহন মালিক ও চালক স্বেচ্ছায় সেখানে যেতে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে মহাখালী বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় যানজট কমানোর মূল লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

ডিপো-সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ডিপোতে অবস্থান করা অধিকাংশ বাসই পুলিশের নির্দেশনা মেনে সেখানে গেছে। এর মধ্যে কিছু বাস সকালে দূরপাল্লার ট্রিপ শেষ করে ঢাকায় ফিরে রাতে পুনরায় যাত্রার অপেক্ষায় থাকায় ডিপোতে রাখা হয়েছে। এছাড়া দীর্ঘদিন মহাখালী বাস টার্মিনালে অলসভাবে পড়ে থাকা কয়েকটি বাসও সেখানে সরিয়ে নেওয়া হয়েছে।

পরিবহন সংশ্লিষ্টদের দাবি, ডিপোতে এখনো প্রয়োজনীয় অবকাঠামো পুরোপুরি গড়ে ওঠেনি। চালক ও স্টাফদের বিশ্রাম, খাবার, গাড়ি মেরামতসহ বিভিন্ন সেবার অভাব রয়েছে। এসব সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনেক পরিবহন ডিপো ব্যবহার করতে আগ্রহী নয়।

Advertisement

তবে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ট্রাফিক পুলিশের সার্জেন্ট আনিসুর রহমান তার ফেসবুক পেইজে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। ওই ভিডিওতে তিনি বলেন, মহাখালী বাস টার্মিনালের সামনের সড়কে বাস পার্কিং করে রাখায় তীব্র যানজট সৃষ্টি হয়। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে ডিপো করার নির্দেশনা দেন। সে আলোকে আজ বাসগুলো ডিপোতে আসছে। সারিসারি বাস ডিপোতে রাখা হয়েছে।

মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল ঢাকার তিনটি প্রধান আন্তঃজেলা বাস টার্মিনালের একটি। এটি ১৯৮৪ সালে চালু হয় এবং মূলত দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর বাস চলাচলের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এ টার্মিনালের ধারণক্ষমতা প্রায় ২০০টি বাস। কিন্তু এর বাইরে আরও শত শত বাস টার্মিনালের সামনের রাস্তায় পার্কিং করে রাখা হয়। ফলে তীব্র যানজট সৃষ্টি হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী জোবায়ের মাসুদ জাগো নিউজকে বলেন, মহাখালীর টার্মিনালের অলস বাসগুলো সরিয়ে নিতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছে পরিবহন মালিক সমিতির একটি দল। এর আগে প্রতিটি বাস মালিককে নিয়ে বৈঠক করা হয়েছে। তাদের চিঠিও দেওয়া হয়েছে। আগের তুলনায় আজ মঙ্গলবার অনেক বাস পূর্বাচলে ডিপোতে যাচ্ছে।

এমএমএ/এমএএইচ/

Advertisement