খেলাধুলা

জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে নতুন একটি বিভাগ চালু করছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেটে বয়সভিত্তিক উন্নয়ন কাঠামোয় নতুন একটি ধাপ যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৯ থেকে সরাসরি হাই পারফরম্যান্স (এইচপি) দলে যাওয়ার পরিবর্তে মাঝখানে যুক্ত করা হয়েছে অনূর্ধ্ব-২৩ বিভাগ। চলতি মাস থেকেই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে নতুন এই ইউনিট।

Advertisement

এই দলে সুযোগ পাবেন ১৯ থেকে ২৩ বছর বয়সী সম্ভাবনাময় ক্রিকেটাররা। বয়সভিত্তিক এ পর্যায়ে ক্রিকেটারদের আরও পরিণত করে জাতীয় দলের জন্য প্রস্তুত করাই বিসিবির লক্ষ্য। বিভাগটি পরিচালিত হবে গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে। পুরো কার্যক্রমের তত্ত্বাবধানে থাকবেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ও কোচ নাভিদ নেওয়াজ। একই সঙ্গে এই ইউনিটের জন্য আলাদা কোচিং স্টাফ নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে বিসিবি।

নতুন বিভাগের কার্যক্রমের অংশ হিসেবে আগামী মাসে মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি সিরিজ আয়োজন করা হচ্ছে। সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল।

এর আগে টপ এন্ড টি-টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটাররা মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

Advertisement

আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশে পৌঁছাবে মালয়েশিয়া দল। নতুন এই বিভাগকে প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে পথচলা শুরু করাতে চায় বিসিবি, যাতে তরুণ ক্রিকেটাররা জাতীয় দলের আগে আরও বেশি আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

এসকেডি/আইএইচএস/