আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক, রেস্তোরাঁয়ও কমছে ক্রেতা

যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস রোগের প্রাদুর্ভাবের কারণে লেটুস খাওয়া নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর প্রভাবে বিভিন্ন রেস্তোরাঁয় ক্রেতার সংখ্যা কমে গেছে এবং সুপারমার্কেটেও লেটুসের বিক্রি কমতে শুরু করেছে।

Advertisement

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানিয়েছে, বহু অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া এই রোগের সঙ্গে রেস্তোরাঁয় পরিবেশিত আইসবার্গ লেটুসের সম্পর্ক পাওয়া গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই লেটুস মেক্সিকোর মধ্যাঞ্চলে অবস্থিত টেইলর ফার্মসের খামার থেকে সরবরাহ করা হয়েছিল।

তবে সম্ভাব্য দূষিত সব লেটুস বাজার থেকে সরিয়ে নেওয়ার দাবি করলেও আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এতে ভোক্তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং আরও কোনো খাদ্যপণ্য এই সংক্রমণের উৎস হতে পারে কি না, তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রোগের সম্ভাব্য আরও কয়েকটি উৎস খুঁজে দেখা হচ্ছে। নর্থ ক্যারোলাইনায় আক্রান্তদের খাদ্যতালিকা বিশ্লেষণ করে পার্সলি ও ধনেপাতাকে সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে একাধিক উৎস থেকেও সংক্রমণ ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত অনেক ভোক্তা তাজা লেটুস কেনা কমিয়ে দিয়েছেন। একই সঙ্গে যেসব রেস্তোরাঁর মেন্যুতে সালাদ বা লেটুসভিত্তিক খাবার বেশি, সেসব জায়গায়ও ক্রেতা কমে গেছে।

জনস্বাস্থ্য সংস্থা ওয়েলনেস ইকুইটি অ্যালায়েন্সের প্রধান নির্বাহী এবং নিউইয়র্ক সিটির সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. টাইলার ইভান্স বলেন, মিশিগানের মতো বেশি আক্রান্ত অঙ্গরাজ্য ছাড়া সুস্থ মানুষদের পাতাজাতীয় সবজি খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই।

তার ভাষায়, যদি এটি কোনো ক্যান্ডি বা অন্য কোনো নির্দিষ্ট খাবারের সমস্যা হতো, তাহলে সেটি না খাওয়ার পরামর্শ দেওয়া যেত। কিন্তু পাতাজাতীয় সবজির পুষ্টিগুণ অনেক বেশি। তাই মানুষকে পুরোপুরি এগুলো এড়িয়ে যেতে বলা ঠিক হবে না।

এদিকে বিশ্লেষক প্রতিষ্ঠান প্লেসার ডটএআই-এর তথ্য অনুযায়ী, ১৩ জুলাইয়ের পর থেকে ট্যাকো বেলের প্রতিটি শাখায় ক্রেতার উপস্থিতি কমেছে। ২৩ জুলাই বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শাখাগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় ২০ দশমিক ৮ শতাংশ কম মানুষ গেছেন।

Advertisement

একই দিনে সালাদভিত্তিক রেস্তোরাঁ চপটে ক্রেতা কমেছে ১২ দশমিক ২ শতাংশ, চিপোটলে মেক্সিকান গ্রিলে ১ দশমিক ৪ শতাংশ এবং পানেরা ব্রেডে ৩ দশমিক ১ শতাংশ।

চিপোটলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। ট্যাকো বেল, চপট ও পানেরা ব্রেডও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে টাকো বেল আগেই জানিয়েছিল, ১৭ জুলাইয়ের মধ্যে তারা সংশ্লিষ্ট সব লেটুস তাদের রেস্তোরাঁ থেকে সরিয়ে ফেলেছে।

প্লেসার ডটএআই-এর এক মুখপাত্র বলেন, সাম্প্রতিক সাইক্লোস্পোরা সংক্রমণের পর যেসব রেস্তোরাঁয় ক্রেতা কমেছিল, এখনো সেগুলোতে আগের তুলনায় কম মানুষ যাচ্ছেন। তবে সবচেয়ে খারাপ সময় সম্ভবত এরই মধ্যে পেরিয়ে গেছে।

সাইক্লোস্পোরিয়াসিস হলো নামের অণুজীবের কারণে হওয়া একটি পরজীবীজনিত রোগ। দূষিত খাবার বা পানি গ্রহণের মাধ্যমে এই সংক্রমণ ছড়ায়। এতে সাধারণত তীব্র পানিযুক্ত ডায়রিয়াসহ বিভিন্ন ধরনের পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দেয়।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ৬ হাজার ৭০৭ জন। এছাড়া আরও ১১ হাজার ৫০০-এর বেশি সন্দেহভাজন সংক্রমণের ঘটনা তদন্তাধীন।

সবচেয়ে বেশি আক্রান্ত অঙ্গরাজ্যগুলোর একটি মিশিগানে মঙ্গলবার পর্যন্ত ৯ হাজার ৬৮০টি সংক্রমণের তথ্য পাওয়া গেছে, যা আগের দিনের তুলনায় ৪২৭টি বেশি।

সূত্র: রয়টার্স

এমএসএম