অর্থনীতি

চকলেট-ওয়েফারের চালানে ওজন গোপন, অতিরিক্ত ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রাম বন্দরে আমদানি করা চকলেট ও ওয়েফারের একটি চালানে ঘোষণার চেয়ে অতিরিক্ত পণ্য পাওয়া গেছে। পরে বিচারাদেশের মাধ্যমে প্রায় ১৯ লাখ ১৩ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব, জরিমানা ও অর্থদণ্ড আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Advertisement

বুধবার (২৯ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন। 

আরও পড়ুন চট্টগ্রাম বন্দর আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ জানালেন প্রধানমন্ত্রী

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রাম রেইনবো করপোরেশনের আমদানি করা একটি পণ্যচালান কায়িক পরীক্ষা করে অনিয়মের প্রমাণ পায়।

তথ্য অনুযায়ী, সি-1138706 নম্বরের এবং গত ৫ জুলাই বিল অব এন্ট্রির আওতায় আমদানি করা চালানে ঘোষিত পরিমাণের তুলনায় বেশি পণ্য পাওয়া যায়।

Advertisement

কায়িক পরীক্ষায় দেখা যায়, আমদানিকারক ঘোষণায় চকলেটের পরিমাণ ৬,৭০৪.৫৬ কেজি উল্লেখ করলেও প্রকৃতপক্ষে পাওয়া যায় ৭,১৩২.২৫ কেজি। একইভাবে ওয়েফারের ক্ষেত্রে ঘোষিত ২,৫৭২.১৬ কেজির পরিবর্তে পাওয়া যায় ২,৬৮৪.৮৮ কেজি।

অধিদপ্তর জানায়, ফলে পুরো চালানে ঘোষিত ওজনের তুলনায় ৫৪০.৪১ কেজি অতিরিক্ত পণ্য পাওয়া যায়, যা ঘোষিত নিট ওজনের তুলনায় ৫ দশমিক ৮৩ শতাংশ বেশি।

আরও পড়ুন বিলিয়ন ডলারের গ্রিন ডকইয়ার্ড বানাচ্ছে চট্টগ্রাম বন্দর

এ ঘটনায় বিচারাদেশের মাধ্যমে অতিরিক্ত শুল্ক-কর বাবদ ৮ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা, অর্থদণ্ড হিসেবে ১০ লাখ টাকা এবং বিমোচন জরিমানা বাবদ ১ লাখ টাকা আদায় করা হয়েছে।

সব মিলিয়ে ওই চালান থেকে ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা অতিরিক্ত রাজস্ব, জরিমানা ও অর্থদণ্ড আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Advertisement

এসএম/এমএমকে