খেলাধুলা

বিশ্বকাপকে বিক্রির পরিকল্পনা ইনফান্তিনোর: কঠোর সমালোচনায় ইংল্যান্ড

ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার আংশিকভাবে কোনো তৃতীয় পক্ষ বা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফার পর এবার প্রকাশ্যে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সংস্থাটি বলেছে, ফিফার এই পরিকল্পনা নিয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে।

Advertisement

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাব অনুযায়ী, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (FIFA Forward Enterprise-FFE)’ নামে একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে। এই প্রতিষ্ঠান বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ এবং বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অধিকার পরিচালনা করবে।

প্রস্তাবিত কোম্পানিটির সম্ভাব্য বাজারমূল্য ধরা হয়েছে ২০ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২ লাখ ৪৬ হাজার ৮৪১ কোটি টাকা)। এর সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন ডলার (প্রায় ৫১ হাজার ৮৩৭ কোটি টাকা) সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

ফিফার দাবি, এই অর্থ বিশ্বের ২১১টি সদস্য ফুটবল ফেডারেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হবে। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, ক্রীড়া পরিচালনা, নিয়মনীতি ও প্রতিযোগিতার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পুরোপুরি ফিফার কাছেই থাকবে।

Advertisement

ক্ষুব্ধ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)

তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এত বড় একটি পরিকল্পনা সম্পর্কে আগাম তাদের কোনো ধরনের অবহিতই করা হয়নি।

এফএর বিবৃতিতে বলা হয়, ‘বর্তমানে যে সীমিত তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই প্রকল্পটি যেভাবে এত দূর এগিয়েছে, সেখানে যথাযথ প্রক্রিয়া ও সুশাসনের ঘাটতি রয়েছে। পাশাপাশি নীতিগতভাবেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে।’ তারা আরও জানিয়েছে, ফিফা প্রকল্পের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করার পরই তারা আনুষ্ঠানিক অবস্থান জানাবে।

উয়েফার কঠোর বিরোধিতা

Advertisement

ইংলিশ এফএর আগে মঙ্গলবার এই পরিকল্পার কড়া সমালোচনা করে উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এটিকে ফুটবলের মৌলিক আদর্শের ওপর আঘাত বলে মন্তব্য করে। এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘এই পরিকল্পনা এমন একটি সীমা অতিক্রম করেছে, যা ফুটবল পরিচালনাকারী কোনো প্রতিষ্ঠানের কখনোই করা উচিত নয়। ফুটবলের আত্মা ও এর পরিচালন ব্যবস্থা কোনো বাণিজ্যিক সম্পদ নয়, যা বিক্রি করা যেতে পারে। ফুটবল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, আর এটি বিক্রি করার অধিকারও ফিফার নেই।’

ব্রিটিশ গণমাধ্যমগুলোর দাবি, ইনফান্তিনো যদি এই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যান, তাহলে ইউরোপের কয়েকটি জাতীয় ফুটবল ফেডারেশন আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা করছে।

এমনকি ভবিষ্যতে ফিফার আয়োজিত কিছু প্রতিযোগিতা বয়কট করার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কেন বিতর্ক?

সমালোচকদের মতে, বিশ্বকাপের মতো ঐতিহাসিক ও বৈশ্বিক প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার আংশিকভাবে বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দিলে ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণে মুনাফার প্রভাব বাড়তে পারে। এতে ফুটবলের ঐতিহ্য, স্বাধীনতা এবং পরিচালন কাঠামো ঝুঁকির মুখে পড়তে পারে।

অন্যদিকে ফিফার যুক্তি, অতিরিক্ত অর্থ সংগ্রহের মাধ্যমে সদস্য দেশগুলোর ফুটবল অবকাঠামো, প্রশিক্ষণ, নারী ফুটবল ও তৃণমূল পর্যায়ের উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করা সম্ভব হবে।

ফলে ইনফান্তিনোর এই পরিকল্পনা এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। ইউরোপের প্রভাবশালী ফুটবল সংস্থাগুলোর বিরোধিতার মুখে শেষ পর্যন্ত ফিফা তাদের অবস্থানে অনড় থাকে কি না, সেটিই এখন দেখার বিষয়।

আইএইচএস/