খেলাধুলা

ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন, ডেপুটি হৃদয়

গত কয়েকদিন ধরে চলা গুঞ্জনই সত্যি হলো। বুধবার বোর্ড সভায় ওয়ানডে অধিনায়কত্ব পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন কুমার দাসকে ওয়ানডের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে।

Advertisement

টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও এখন অধিনায়ক লিটন দাস। দুই ফরম্যাটেই তার ডেপুটি হিসেবে থাকবেন তাওহীদ হৃদয়। এছাড়া টেস্টে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক থাকছেন, সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

মিরাজকে পরিবর্তন করে কেন লিটন দাসকে অধিনায়ক ঘোষণা করা হলো, তার ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘আমাদের তিন ফরম্যাটে তিনজন ক্যাপ্টেন ছিল। আমি বিশ্বাস করি আমাদের দুইজন ক্যাপ্টেন থাকা উচিত- সাদা বল এবং লাল বলের জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিটন দাস সাদা বল ক্যাপ্টেন হিসেবে থাকবেন এবং নাজমুল হোসেন শান্ত লাল বল ক্যাপ্টেন হিসেবে কন্টিনিউ করবেন।’

আরও পড়ুন ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

তাওহীদ হৃদয়ের ঘোষণাটাও তামিম ইকবাল দেন। তিনি বলেন, ‘সাদা বলের ভাইস-ক্যাপ্টেন হবেন তাওহীদ হৃদয় এবং লাল বলের ভাইস-ক্যাপ্টেন আগের মতোই থাকবেন (মেহেদী হাসান মিরাজ)।’

Advertisement

মিরাজের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘মিরাজ একজন অত্যন্ত সফল ক্যাপ্টেন ছিলেন, গত পাঁচটি সিরিজের মধ্যে চারটি তিনি জিতেছেন; কিন্তু আমি মনে করি মিরাজকে একজন ক্রিকেটার হিসেবে আমাদের বেশি প্রয়োজন। পারফরমার হিসেবে তাকে যে লেভেলে দেখতে অভ্যস্ত, সেখানে হয়তো কিছুটা ঘাটতি দেখা যাচ্ছিল। বিশেষ করে ব্যাটিংয়ে সে ভালো করলেও বোলিংয়ে আরও উন্নতির জায়গা আছে।’

২০২৪ সালে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। এ সময়ের মধ্যে ২৪ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। জয় পেয়েছেন ১০টিতে, হেরেছে ১৩টি এবং ১টি ম্যাচে পরিত্যাক্ত হয়েছিল।

এসকেডি/আইএইচএস

Advertisement