ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপসহকারী কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক তরুণকে আটক করেছে কৃষকরা। বুধবার (২৯ জুলাই) বিকেলে তাকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে উপজেলা কৃষি অফিসে হস্তান্তর করে স্থানীয়রা।
Advertisement
আটক ওই তরুণের নাম রাফসান (২২) । তিনি সরাইল উপজেলার কুট্রাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। সন্ধ্যা পৌনে ৭টায় এই রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
আরও পড়ুন সরকারি কর্মকর্তার নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলো পুলিশনাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন জাগো নিউজকে বলেন, আটক তরুণ গত দুই মাস যাবৎ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে নিজেকে উপসহকারী কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিল। সে অশিক্ষিত ও সহজ সরল কৃষকদের কৃষি যন্ত্রপাতি ও ধানের বীজের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল। অনেকের কাছ থেকে দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা নেয় সে। বিষয়টি আমাদের অনেক কৃষক অবগত করে। বুধবার নূরপুর এলাকায় প্রতারণার সময় কৃষকরা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে তারা ওই প্রতারককে আমাদের কাছে হস্তান্তর করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, আটক কাউকে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। এজহার প্রস্তুতির পর হয়ত আমাদের কাছে হস্তান্তর করবে।
Advertisement
আবুল হাসনাত মো. রাফি/এসজেডএইচ/জেআইএম