দেশজুড়ে

নকল শিশু প্রসাধনী-মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ও ভাবখন্ড বাজারে নকল শিশু প্রসাধনী ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, অভিযানে জামুর্কী বাজারের মহন্ত স্টোর থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ শিশুদের প্রসাধনী জব্দ করা হয়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং সেটি সিলগালা করে দেওয়া হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করে ল্যাব পরিচালনার দায়ে জামুর্কী বাজারের মির্জাপুর পপুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের জামুর্কী লাইফ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

অন্যদিকে, উপজেলার ভাবখন্ড বাজারে পৃথক অভিযানে একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নকল শিশু প্রসাধনী জব্দ করা হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/জেআইএম

Advertisement