বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। এই সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা থাকলেও বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, দল ও দেশের স্বার্থ বিবেচনা করেই ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে।
Advertisement
অস্ট্রেলিয়া সফরের আগে সংবাদ সম্মেলনে অধিনায়কত্বের পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তার সঙ্গে আগেই আলোচনা হয়েছিল।
শান্ত বলেন, ‘তামিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, বিষয়টা পরিষ্কার ছিল। লিটনকে অভিনন্দন। সে টি-টোয়েন্টি দলকে যেভাবে ভালো জায়গায় নিয়ে এসেছে, ওয়ানডে দলকেও ভালো জায়গায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ম্যানেজমেন্ট দলের জন্য যেটা ভালো মনে করেছে সেই সিদ্ধান্তই নিয়েছে।’
নতুন অধিনায়ককে পূর্ণ সমর্থনের কথাও জানান তিনি। তার বিশ্বাস, নেতৃত্ব বদলালেও দলের লক্ষ্য বদলায় না। বরং দায়িত্ব যেই পাক, সবার লক্ষ্য থাকবে বাংলাদেশকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া।
Advertisement
একই সংবাদ সম্মেলনে টেস্ট দলের বর্তমান অবস্থান নিয়েও আশাবাদ ব্যক্ত করেন অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা গত কিছু বছর ধরে যেভাবে টেস্ট ক্রিকেট খেলছি, চেষ্টা করব সেভাবেই খেলার। কন্ডিশন ভিন্ন হবে, তাই যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। আলাদা কোনো পরিকল্পনা নেই। টেস্ট দলটা একটা ভালো অবস্থানে আছে। এই জায়গা থেকে আমরা যেন নিচের দিকে না যাই এবং সামনে আরও কীভাবে উন্নতি করতে পারি, সেটাই মূল লক্ষ্য থাকবে।’
এসকেডি/এমএমআর