দেশজুড়ে

বগুড়ায় ভুয়া চিকিৎসকসহ ক্লিনিককে জরিমানা

বগুড়া শহরের মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে অভিযান চালিয়ে নানা অনিয়ম ও ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা প্রদানের অভিযোগে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, অভিযান পরিচালনাকালে মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে কোনো ডিউটি ডাক্তার এবং প্রয়োজনীয় নিবন্ধিত (রেজিস্টার্ড) নার্স উপস্থিত পাওয়া যায়নি। এছাড়া ল্যাবরেটরির পরীক্ষার রিপোর্ট সংরক্ষণের কোনো রেকর্ড পাওয়া যায়নি এবং ভেতরের পরিবেশও সন্তোষজনক ছিল না। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সময়ে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়া এলোপ্যাথি চিকিৎসা দেওয়া, অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা এবং রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়ার অপরাধে এনামুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। কোনো ধরনের বৈধ সনদ বা নিবন্ধন ছাড়া চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএমডিসি আইন, ২০১০ অনুযায়ী ওই ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং বগুড়া জেলা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

Advertisement

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এল.বি/কেজে/জেআইএম