অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ অধিনায়ক জানিয়ে গেলেন, এবার শুধু খেলতেই নয়, সম্মান অর্জন করতে যাচ্ছে দল। তার বিশ্বাস, ভালো ক্রিকেট খেলতে পারলে ভবিষ্যতে অস্ট্রেলিয়াও বাংলাদেশকে আরও বেশি আমন্ত্রণ জানাবে।
Advertisement
অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে পারাকে নিজের জন্য বড় সৌভাগ্য বলেও মন্তব্য করেন শান্ত। তিনি বলেন, ‘খুবই ভাগ্যবান মনে করছি যে অস্ট্রেলিয়াতে গিয়ে তাদের সাথে টেস্ট খেলতে পারছি। গত ২৩ বছরে আমাদের আরও বেশি ম্যাচ খেলা উচিত ছিল। আমরা যদি আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম, তাহলে হয়তো আরও বেশি সুযোগ হতো। আমাদের মূল লক্ষ্য থাকবে ওখানে ভালো ক্রিকেট খেলা এবং সম্মান অর্জন করা। যদি আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে পারি, অবশ্যই তারা ভবিষ্যতে আবার আমন্ত্রণ জানাবে।’
ইনজুরিতে কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিটকে গেলেও স্কোয়াড নিয়ে কোনো হতাশা দেখাতে রাজি নন অধিনায়ক। বরং বর্তমান দল নিয়েই ভালো ক্রিকেট খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শান্ত বলেন, ‘ইনজুরির বিষয়টা আসলে আমাদের কারো নিয়ন্ত্রণে নেই। যেকোনো সময় যেকোনো খেলোয়াড় ইনজুরড হতে পারে। তবে আমার মনে হয় যে দলটা আমাদের অস্ট্রেলিয়াতে যাচ্ছে, এই দলের ওপর পুরোপুরি বিশ্বাস আছে যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। কোন খেলোয়াড় থাকলে ভালো হতো বা আরও বেটার হতো, এগুলো নিয়ে চিন্তা করাটা এখন যৌক্তিক হবে না।’
Advertisement
অস্ট্রেলিয়ায় গিয়ে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে চান শান্ত। তিনি বলেন, ‘আমরা গত কিছু বছর ধরে যেভাবে টেস্ট ক্রিকেট খেলছি, চেষ্টা করব সেভাবেই খেলার। কন্ডিশন ভিন্ন হবে, তাই যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। আলাদা কোনো পরিকল্পনা নেই। টেস্ট দলটা একটা ভালো অবস্থানে আছে। এই জায়গা থেকে আমরা যেন নিচের দিকে না যাই এবং সামনে আরও কীভাবে উন্নতি করতে পারি, সেটাই মূল লক্ষ্য থাকবে।’
এসকেডি/এমএমআর