আইন-আদালত

সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালের অনুমতি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুস সোবহান মিয়া গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Advertisement

প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

আরও পড়ুন মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপি গোলাপকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল

শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, ২০২৪ সালের ১৮ জুলাই মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। এতে তিনজন নিহত হন। এ ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার রয়েছেন আবদুস সোবহান মিয়া গোলাপ। তদন্তের স্বার্থে তাকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত সংস্থা।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদনটি মঞ্জুর করে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। তবে এতে আপত্তি জানান আসামিপক্ষের আইনজীবী শামীম আল সাইফুল।

Advertisement

ট্রাইব্যুনালের উদ্দেশে তিনি বলেন, আবদুস সোবহান মিয়া গোলাপ একজন বয়স্ক মানুষ। বর্তমানে বিশেষ কারাগারে রয়েছেন। তিনি নানা রোগে আক্রান্ত। এজন্য তাকে জেলগেট জিজ্ঞাসাবাদ করলে আমরা কিছুটা স্বস্তি পাবো। কারণ তদন্ত সংস্থার কার্যালয়ে নেওয়া তার জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন যুক্তরাষ্ট্রে থাকা গোলাপের ৯ ফ্ল্যাট-বাড়ি জব্দের আদেশ

এ সময় প্রসিকিউশন থেকে বলা হয়, আইন অনুযায়ী সেফহোমে জিজ্ঞাসাবাদের সময় একজন সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক ও আসামিপক্ষের আইনজীবী থাকার সুযোগ রয়েছে। এক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।

এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ আগস্ট দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে মাদারীপুর-৩ আসনের সাবেক এই এমপিকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে।

এফএইচ/এমএমকে

Advertisement