বিনোদন

‘জুমানজি’র শেষ পর্বে যা দেখা যাবে

বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা সিরিজ ‘জুমানজি’ ফিরছে শেষ পর্ব নিয়ে। নতুন কিস্তির নাম ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ করেছে সনি পিকচার্স। সেখানে দেখা গেছে আগের দুই পর্বের তুলনায় গল্পে এসেছে বড় পরিবর্তন।

Advertisement

আরও পড়ুন এনসিপির বক্তব্যে ক্ষোভ / কিশোরগঞ্জের সন্তান হিসেবে প্রতিবাদ জানালাম : খায়রুল বাসার

এর আগে ‘জুমানজি’ সিরিজে দেখা গেছে, স্পেন্সার ও তার বন্ধুরা ভিডিও গেমের ভেতরে আটকা পড়ে নানা রোমাঞ্চকর অভিযানে অংশ নেয়। তবে এবার ঘটেছে ঠিক উল্টোটা। ভিডিও গেমের চরিত্ররাই বাস্তব পৃথিবীতে চলে আসে। আর সেখান থেকেই শুরু হয় ভয়ংকর সব ঘটনা।

ট্রেলারে দেখা যায়, গেমের চার জনপ্রিয় চরিত্র ডক্টর ব্রেভস্টোন, প্রফেসর ওবেরন, রুবি রাউন্ডহাউস ও মাউস ফিনবার মানুষের জগতে হাজির হয়। তাদের সঙ্গে বাস্তব দুনিয়ায় প্রবেশ করে জুমানজির ভয়ংকর সব প্রাণিও। উটপাখি, গন্ডার, ষাঁড় ও বিশাল গিরগিটিসহ নানা বন্য প্রাণীর তাণ্ডবে বিশৃঙ্খল হয়ে ওঠে চারপাশ।

আরও পড়ুন বিশেষ চমক বাঁধন / ভারতের নায়িকার পর যোগ দিলেন ওমর সানী, আমিন খান, রোজিনা

শেষ পর্বেও গেমের চরিত্রগুলোতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক ও কারেন গিলান। অন্যদিকে বাস্তব জগতের চার কিশোর-কিশোরীর ভূমিকায় ফিরছেন অ্যালেক্স উলফ, মরগান টার্নার, সারডারিয়াস ব্লেইন ও ম্যাডিসন আইসম্যান। আগের দুই কিস্তির মতো এবারও পরিচালনায় রয়েছেন জেক কাসডান।

Advertisement

ক্রিস ভ্যান অলসবার্গের জনপ্রিয় শিশুতোষ বই অবলম্বনে ১৯৯৫ সালে প্রথম নির্মিত হয় ‘জুমানজি’। পরে ২০১৭ সালে ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মাধ্যমে গল্পটি আধুনিকভাবে নতুন রূপ পায়। জাদুকরি বোর্ড গেমের পরিবর্তে সেখানে দেখানো হয় ভিডিও গেমের জগৎ। এরপর ২০১৯ সালে মুক্তি পায় ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’। দুটি সিনেমাই বিশ্বজুড়ে বক্স অফিসে ১ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি আয় করে।

আসন্ন ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’। তবে মুক্তির লড়াই সহজ হবে না। কারণ এর এক সপ্তাহ আগেই, ১৮ ডিসেম্বর, মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘ডিউন: পার্ট থ্রি’ এবং ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ফলে বছরের শেষ দিকে বক্স অফিসে তিনটি বড় বাজেটের হলিউড সিনেমার মধ্যে জমে উঠতে যাচ্ছে তুমুল প্রতিযোগিতা।

 

এলআইএ

Advertisement