খেলাধুলা

ট্রেন মিস করে ঘুম ভেঙেছে বাফুফের!

ফিফার বিশেষ উদ্যোগে সেপ্টেম্বর-অক্টোবরে ইন্দোনেশিয়া ও হংকংয়ে বসতে যাচ্ছে প্রথম ফিফা আসিয়ান কাপ। প্রিমিয়ার ডিভিশন ও চ্যালেঞ্জ ডিভিশন নামে দুই ফরম্যাটে হচ্ছে এই টুর্নামেন্ট। ইন্দোনেশিয়ায় প্রিমিয়ার ডিভিশনে অংশ নেবে ৮ দেশ এবং হংকংয়ে চ্যালেঞ্জ ডিভিশনে অংশ নেবে ছয় দেশ।

Advertisement

বিশেষ আমন্ত্রিত দল হিসেবে এই টুর্নামেন্টের প্রিমিয়ার ডিভিশনে খেলবে দক্ষিণ এশিয়ার ভারত ও পাকিস্তান। যেখানে অন্য ছয় দল হচ্ছে- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও থাইল্যান্ড। চ্যালেঞ্জ ডিভিশনে খেলবে ব্রুনাই, কম্বোডিয়া, হংকং, লাওস, মিয়ানমার ও পূর্ব তিমুর।

আরও পড়ুন ফিফা আসিয়ান কাপ: সুযোগ লুফে নিলো পাকিস্তান, যেখানে ব্যর্থ বাফুফে

এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। চীনেরও অংশ নেওয়ার কথা ছিল প্রিমিয়ার ডিভিশনে। তবে দলটি এশিয়ান কাপের প্রস্তুতির কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১৭ ধাপ পিছিয়ে থাকা পাকিস্তান সাংগঠনিক দক্ষতা দেখিয়ে টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে। আগামী নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতির দারুণ সুযোগ করে নিলো পাকিস্তান ও ভারত।

বাংলাদেশ কেন পারলো না? কোনো চেষ্টা কি ছিল বাফুফের? নাকি কোথায় কি হচ্ছে বাফুফের সেই খোঁজ-খবরও ছিল না? এই প্রশ্নের মুখে বৃহস্পতিবার পড়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপ, তার আগে প্রীতি ম্যাচ এবং জাতীয় দলের সহকারী কোচ নিয়োগ ও প্রস্তুতি শুরুসহ বেশ কয়েটি এজেন্ডা নিয়ে বৃহস্পতিবার অনলাইনে সভা হয়েছে ন্যাশনাল টিমস কমিটির।

Advertisement

এই কমিটির সভাপতি তাবিথ আউয়াল নিজেই। এজেন্ডাভুক্ত আলোচনার বাইরে আসিয়ান কাপের বিষয়টি বেশ গুরুত্ব সহকারেই উঠেছিল। বিশেষ করে পাকিস্তানের মতো দল, যে দেশে ঘরোয়া ফুটবলই ঠিকঠাক মতো হয় না, ফিফা র‌্যাংকিং যাদের ২০০ ছুঁইছুঁই-তারা সুযোগটি নিলো।

বাংলাদেশ কেন পারলো না; এমন প্রশ্ন বাফুফে সভাপতিকে করেছিলেন কমিটির কয়েকজন সদস্য। সভা চলাকালীনই বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে বিষয়টি খোঁজ-খবর নিতে বলেন সভাপতি। প্রয়োজনে চিঠি দেবেন। সুযোগ থাকলে খেলবে।

কমিটির সদস্য মঞ্জুর আলম জাগো নিউজকে বলেন, ‘আসলে জাতীয় দলের সহকারী কোচ নিয়োগ দেওয়াসহ আরও কিছু বিষয় নিয়ে জুম মিটিং হয়েছে। সেখানে আসিয়ান কাপের বিষয়টি উঠেছিল। বাফুফে থেকে এখন আসিয়ানে একটা চিঠি দেবে। সুযোগ থাকলে খেলবে। সাফের আগে এমন একটি টুর্নামেন্ট খেলতে পারলে তো ভালো প্রস্তুতি হবে।’

সভায় অংশ নেওয়া সত্যজিৎ দাস রুপুও যেমন বলছিলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আসিয়ানে একটা চিঠি দিয়ে রাখবে। এটা না হোক অন্য কোনো টুর্নামেন্টে অংশ নেওয়া যায় কি না। চেষ্টা আমাদের চলছে। সাফের আগে ভালো ম্যাচ খেলতে পারলে তো উপকারই হবে।’

Advertisement

বাফুফে সময় শেষ করে এখন সিরিয়াস হয়েছে। ট্রেন মিস করেই যেন ঘুম ভেঙেছে দেশের ফুটবলের অভিভাবক প্রতিষ্ঠানটির। বাফুফে এখন চিঠি দেবে আসিয়ানকে। চীনের মতো কোনো দেশ নাম প্রত্যাহার করলে যদি সুযোগ পাওয়া যায়। পাকিস্তান টুর্নামেন্টে ঢুকে যাওয়ার পর এটা পানির মতো পরিষ্কার যে, বাংলাদেশের কোনো চেষ্টাই ছিল না। বাফুফের এখন সব ধ্যানজ্ঞান সাফ নিয়ে।

অথচ ভারত এই সাফ চ্যাম্পিয়নশিপকে পাত্তা না দিয়ে ওই সময় জাতীয় দল নিউজিল্যান্ড পাঠাবে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে। নেপালের অংশ নেওয়া অনিশ্চিত দেশটি ফিফার নিষেধাজ্ঞায় থাকায়। ভারত যদি যুব দল পাঠায় এবং নেপাল যদি শেষ পর্যন্ত খেলতে না পারে তাহলে বাংলাদেশের সামনে ভালো একটা সুযোগ ২৩ বছর পর দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার। বাফুফে আসলে সেই প্রত্যাশায়ই আছে।

বাফুফে সাফের আগে সেপ্টেম্বর ও অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলাবে জাতীয় দলকে। সেপ্টেম্বরে কিরগিজস্তানের বিপক্ষে খেলা প্রায় নিশ্চিত। তবে বাংলাদেশ যাবে নাকি কিরগিজস্তান আসবে তা ঠিক হয়নি। অক্টোবরের প্রীতি ম্যাচের জন্য চিঠি চালাচালি চলছে।

বৃহস্পতিবার ন্যাশনাল টিমস কমিটির সভায় জাতীয় দলের জন্য দুজন বিদেশি সহকারী ও একজন বিদেশি গোলরক্ষক কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। প্রধান কোচ থমাস ডুলি দুজন বিদেশিসহ চারজন সহকারী কোচ দেওয়ার দাবি করেছেন বাফুফের কাছে। আগামী সেপ্টেম্বরে জাতীয় দলের ক্যাম্প শুরু করে সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত পর্যায়ক্রমে চলমান রাখার সিদ্ধান্ত হয়েছে সভায়।

আরআই/আইএইচএস/