জাতীয়

ট্রাফিক পুলিশের হাতে ছিনতাইকারী আটক, মোবাইল ফোন উদ্ধার

রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারসহ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম সুজন মিয়া (২২)।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ট্রাফিক লালবাগ বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, বৃহস্পতিবার দুপুরে ট্রাফিক লালবাগ বিভাগের ফুলবাড়িয়া জোনের কর্তব্যরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট ফুলবাড়িয়া ক্রসিং সংলগ্ন এলাকায় দায়িত্ব পালনকালে এক নারীর চিৎকার শুনতে পায়। তাৎক্ষণিকভাবে তিনি জানতে পারেন, এক ছিনতাইকারী ওই নারীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে।

কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট সঙ্গে সঙ্গে ছিনতাইকারীর পিছু ধাওয়া করেন এবং সিদ্দিক বাজার এলাকায় ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করে ট্রাফিক পুলিশ।

Advertisement

তিনি বলেন, পরবর্তীতে আটক ছিনতাইকারীকে বংশাল থানায় হস্তান্তর করা হয় এবং উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কেআর/এমকেআর