চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অংশ হিসেবে বারইপাড়া খাল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। পরিদর্শন শেষে তিনি খাল দখল ও দূষণ বন্ধে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (৩০ জুলাই) বারইপাড়া খাল পরিদর্শনকালে মেয়র খালের বর্তমান অবস্থা, পানি প্রবাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে মেয়র বলেন, বারইপাড়া খাল খনন প্রকল্পের ফলে প্রায় ১০ লাখ মানুষ জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন। পূর্ব বাকলিয়া, পূর্ব ষোলশহর ও পশ্চিম বাকলিয়ার বিস্তীর্ণ এলাকায় বর্ষাকালে আগের মতো জলাবদ্ধতা হচ্ছে না। পাশাপাশি খালপাড়ে নির্মিত ফুটপাত ও উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে।
তিনি বলেন, চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত রাখতে খালগুলো সচল রাখা অত্যন্ত জরুরি। খাল দখল, ময়লা-আবর্জনা ফেলা কিংবা পানি প্রবাহে বাধা সৃষ্টি কোনোভাবেই সহ্য করা হবে না। এ ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
Advertisement
মেয়র আরও বলেন, চসিক নিয়মিত খাল ও নালা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। কোথাও অবৈধ দখল বা প্রতিবন্ধকতা থাকলে দ্রুত তা অপসারণে ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি, আবর্জনা অপসারণ এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রকৌশলী ফরহাদুল আলমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এসএনআর
Advertisement