মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে মেরামতের কাজ চলাকালে চারতলা একটি ভবন ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও তিন থেকে চারজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।
Advertisement
স্থানীয় কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় সাড়ে ১১টার দিকে কোহিনুর ভবনের একটি অংশ হঠাৎ ধসে পড়ে।
পৌর কর্তৃপক্ষ জানায়, ভবনটিতে মোট ৪৮টি কক্ষ ছিল, প্রতিটি তলায় ১২টি করে। ভবনটিকে আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল। দুর্ঘটনার সময় সেখানে মেরামতের কাজ চলছিল।
কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে ভবনটি থেকে জোরে ফাটার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। বিপদের আশঙ্কায় তারা দ্রুত অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করেন।
Advertisement
তবে কিছু বাসিন্দা তখনও ভবন থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন।
দুর্ঘটনার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে। এতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন।
উদ্ধারকাজে একটি শ্বানদল, চারটি ফায়ার ইঞ্জিন, দুটি অ্যাম্বুলেন্স এবং ভারী খননযন্ত্র মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি
Advertisement
এমএসএম