খেলাধুলা

প্রস্তুতিই পার্থক্য গড়ে দেবে, অস্ট্রেলিয়ায় ভালো করার আশা আশরাফুলের

এই তো সেদিন জিম্বাবুয়ের মাটিতে খেলতে গিয়ে টেস্ট ক্রিকেটের দুর্বল ও তলানিতে থাকা জিম্বাবুয়ের কাছেও একমাত্র টেস্টে চরম ভরাডুবি ঘটেছে বাংলাদেশের। ইনিংস ও ৮৫ রানের পরাজয় সঙ্গী হয়েছে টাইগারদের।

Advertisement

সেই অনুজ্জ্বল ও হতাশাজনক পারফরম্যান্সের ধাক্কা সামলে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ভালো খেলা মোটেও সহজ নয়। বরং সেটি বড় চ্যালেঞ্জ। তবে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চান, জিম্বাবুয়ের বিপক্ষে খারাপ পারফরম্যান্সের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভালো খেলতে।

টাইগার অধিনায়ক ভালো করেই জানেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলতে পারলে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যর্থতার ক্ষত অনেকটাই মুছে যাবে। সবাই বুঝবে, জিম্বাবুয়ে সিরিজটি ছিল একটি বিচ্ছিন্ন ঘটনা। পাশাপাশি ক্রিকেট বিশ্বও দেখবে, বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারে। আর ফল ভালো হলে ভবিষ্যতে অস্ট্রেলিয়াও আবার তাদের মাটিতে বাংলাদেশকে টেস্ট সিরিজ খেলার আমন্ত্রণ জানাতে পারে। সে কারণেই এই সিরিজে ভালো করার তীব্র ইচ্ছা টাইগার কাপ্তানের।

শুধু অধিনায়ক শান্তই নন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও চান তার দল অস্ট্রেলিয়ার মাটিতে ভালো খেলুক। তার বিশ্বাস, অস্ট্রেলিয়ার কন্ডিশনেও বাংলাদেশ নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারবে।

Advertisement

অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে জাগো নিউজের সঙ্গে আলাপকালে আশার বাণী শোনালেন আশরাফুল। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ বলেন, ‘আমরা জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলিনি। আমাদের ব্যাটিং একদমই ভালো হয়নি। ব্যাটারদের কেউই ক্লিক করতে পারেনি। তবে সেটিই আমাদের প্রকৃত সামর্থ্যের প্রতিফলন নয়। একটু পেছনে ফিরে তাকালেই দেখবেন, এর আগে আমরা বেশ কয়েকটি সিরিজ ও সফরে ভালো খেলেছি। আমার মনে হয়, শুধু জিম্বাবুয়ে সফরের পারফরম্যান্স দিয়ে আমাদের সামর্থ্যের মূল্যায়ন করা ঠিক হবে না। আমরা অতীতে এর চেয়ে অনেক ভালো খেলেছি। আমার বিশ্বাস, সামনেও আবার ভালো খেলব। ইনশাআল্লাহ, অস্ট্রেলিয়ার বিপক্ষেই আমরা টেস্টে ভালো খেলব।’

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে খারাপ খেলার কারণ কী? যে দল জিম্বাবুয়ের কাছে ইনিংসে হেরেছে, সেই দল এক মাসেরও কম সময়ের মধ্যে শক্তি, সামর্থ্য ও অভিজ্ঞতায় অনেক এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করবে — এমন প্রত্যাশার ভিত্তি কী?

এ প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘আমি কোনো অজুহাত দাঁড় করাচ্ছি না। তবে এটুকু বলবো, জিম্বাবুয়ের কন্ডিশনের জন্য আমাদের প্রস্তুতি একদমই ভালো ছিল না। আমরা সেখানে যাওয়ার দুই-তিন দিনের মধ্যেই টেস্ট খেলতে নেমে পড়ি। সে দেশের আবহাওয়া, উইকেট, মাঠ ও পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার কোনো সুযোগই পাইনি। সেটিই আমাদের খারাপ পারফরম্যান্সের অন্যতম বড় কারণ। আমার মনে হয়, যদি আমরা অন্তত এক সপ্তাহ আগে যেতে পারতাম এবং একটি দুই বা তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে পারতাম, তাহলে পারফরম্যান্স এতটা খারাপ হতো না। সবাই কন্ডিশনের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিতে পারতো।’

অস্ট্রেলিয়ায় এবার দল ভালো করবে, এ বিশ্বাসের পেছনেও যুক্তি দিলেন আশরাফুল। তিনি বলেন, ‘আমরা টেস্ট শুরুর অন্তত ১১-১২ দিন আগে অস্ট্রেলিয়ায় যাচ্ছি। সেখানে একটি প্রস্তুতি ম্যাচসহ অন্তত সাত-আটটি অনুশীলন সেশন করার সুযোগ পাবো। এতে দলের প্রতিটি সদস্য অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মোটামুটি ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’

Advertisement

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ আগস্ট থেকে মাঠে গড়াবে।

এআরবি/আইএন