দেশজুড়ে

রাতের আঁধারে কেটে ফেলা হলো ৮০০ ফলন্ত পেঁপে গাছ

রাতের অন্ধকারে নির্মমতার শিকার হয়েছেন রাঙ্গামাটির একজন পেঁপে চাষি। দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নষ্ট হয়ে গেছে প্রায় ৮০০ পেঁপে গাছ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে শহরের পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গাপানির নোয়াদাম ব্রাক্ষনটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

এক রাতের ব্যবধানে বাজারজাত করার উপযোগী কয়েক লাখ টাকার পেঁপে গাছসহ নষ্ট হয়েছে বলে জানান বাগান সংশ্লিষ্টরা।

সরেজমিনে শুক্রবার (৩১ জুলাই) সকালে রাঙ্গাপানি এলাকায় দেখা যায়, বাগানের বিস্তীর্ণ এলাকা জুড়ে সারি সারি পেঁপে গাছ কেটে ফেলে রাখা হয়েছে। প্রায় প্রতিটি গাছেই ঝুলছিল কাঁচা ও আধাপাকা পেঁপে।

বাগানের ভূমি মালিক আহমদ ফজলুর রশিদ সেলিম বলেন, ‘খলিল নামের এক ব্যক্তি তার কাছ থেকে প্রায় এক একর জমি লিজ নিয়ে পেঁপে চাষ করেছেন। সেখানে তিনি প্রায় এক হাজার ৮০০টি পেঁপে গাছ রোপণ করেন। এর মধ্যে যেসব গাছে সবচেয়ে বেশি পেঁপে ধরেছিল, বেছে বেছে সেই ৮০০টি ফলবান গাছই কেটে ফেলেছে দুর্বৃত্তরা।’

Advertisement

আরও পড়ুন গাছের প্রতি এ কেমন আক্রোশ!

দুঃখ প্রকাশ করে ভূমি মালিক বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা এই ন্যাক্কারজনক কাজ করেছে কিছুই বুঝতে পারছি না। এভাবে ফল ধরা গাছ কেটে ফেলা কৃষকের জন্য খুবই কষ্টের ও নির্মম।’

বাগানের কেয়ারটেকার মো. জাহিদ বলেন, ‌‘রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে বাগানে গিয়ে দেখি বিপুল সংখ্যক গাছ কেটে ফেলা রাখা হয়েছে। যেসব গাছ কাটা হয়েছে, সেগুলোর পেঁপে আগামী এক মাসের মধ্যেই বাজারে বিক্রি করার কথা ছিল।’

জানা গেছে, লিজ গ্রহীতা ও পেঁপে চাষি মো. খলিল বর্তমানে রাঙ্গামাটির বাইরে অবস্থান করছেন। তিনি ফিরে এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাগান মালিক। ফলে এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।

আবু দারদা খান আরমান/এসজেডএইচ/জেআইএম

Advertisement