দেশজুড়ে

গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেফতার ৩

ভোলার লালমোহনে এক গৃহবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ডাকাতি ও শ্লীলতাহানি মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে গ্রেফতারের পর শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে গ্রেফতারকৃতদের ভোলার আদালতে পাঠানো হয়।

Advertisement

গ্রেফতার আসামিরা হলেন- লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গজারিয়া গ্রামের মো. জুয়েল স্বর্ণকারের ছেলে মো. জুবায়ের (২১), একই এলাকার মো. পলাশ মৃধার ছেলে মো. শাহাদাৎ হোসেন (২৪) ও ৭ নম্বর ওয়ার্ডের মো. মিলন পাটওয়ারীর ছেলে মো. নাঈম (২৪)।

আরও পড়ুন টাঙ্গাইলে বাসে ডাকাতি: মূলহোতাসহ আরও দুজন গ্রেফতার

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে গৃহবধূ রোজিনা বেগম (৩৫) পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকা থেকে অটোরিকশায় নিজ বাড়ি লালমোহন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ফিরছিলেন। অটোরিকশাটি কিছুদূর আসলে জুবায়ের, শাহাদাৎ ও নাঈমসহ কয়েকজন মিলে গতিরোধ করে অটোরিকশায় ওঠেন। ওই সময় তারা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে গৃহবধূর সঙ্গে থাকা সোনার কানের দুল, কানের রিং ও নগদ চার হাজার টাকা ছিনিয়ে নেন। এসময় ওই গৃহবধূকে শ্লীলতাহানি করে পালিয়ে যান অভিযুক্তরা।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী গৃহবধূ রোজিনা বেগম থানায় মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করেছি। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়াও গ্রেফতার হওয়া আসামিদের থেকে গৃহবধূর থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

Advertisement

জুয়েল সাহা বিকাশ/এসজেডএইচ/জেআইএম