বিনোদন

আজ বিটিভিতে দেখা যাবে ‘ইত্যাদি’, থাকছে যেসব চমক

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ আবারও হাজির হচ্ছে নতুন পর্ব নিয়ে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের জীবনঘনিষ্ঠ গল্পে সাজানো এবারের পর্বটি ধারণ করা হয়েছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। বৈচিত্র্যময় আয়োজনের এই পর্বটি আজ (৩১ জুলাই) শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।

Advertisement

প্রতিবারের মতো এবারও দেশের একটি ঐতিহ্যবাহী জনপদকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘ইত্যাদি’। লক্ষ্মীপুর জেলা সদরের শতবর্ষের স্মৃতিবিজড়িত দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে ধারণ করা হয়েছে অনুষ্ঠানটির এবারের পর্ব। এতে তুলে ধরা হয়েছে জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা এবং মানুষের জীবনসংগ্রামের নানা গল্প।

এবারের পর্বের অন্যতম আকর্ষণ দুটি বিশেষ গান। একটি গেয়েছেন লক্ষ্মীপুরের শিল্পী তানজিনা রুমা ও ফেনীর শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন আকাশ মাহমুদ। এছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত একটি নৃত্যগীতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

অনুষ্ঠানের দর্শকপর্বেও থাকছে ব্যতিক্রমী আয়োজন। লক্ষ্মীপুরকে ঘিরে প্রশ্নোত্তর পর্বে নির্বাচিত চারজন দর্শক জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন। যা এবারের পর্বে যোগ করেছে ভিন্নমাত্রা।

Advertisement

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী এবং লক্ষ্মীপুরের কৃতী সন্তান নিশাত মজুমদারের সাক্ষাৎকার। পাশাপাশি প্রচারিত হবে লক্ষ্মীপুরের ইতিহাস, পর্যটন সম্ভাবনা, সয়াবিন চাষ, একটি অনুপ্রেরণাদায়ী প্রাথমিক বিদ্যালয় এবং নদীভাঙনে সর্বস্ব হারানো এক মাঝির জীবনসংগ্রাম নিয়ে একাধিক তথ্যসমৃদ্ধ ও মানবিক প্রতিবেদন।

আরও পড়ুন ‘চায়ের চুমুকে’ অনুষ্ঠানে দীপংকর দীপক

এছাড়া বিদেশি পর্বে দর্শকদের নিয়ে যাওয়া হবে বিশ্বের দীর্ঘতম যুদ্ধ স্মৃতিস্তম্ভ এবং বিখ্যাত উপকূলীয় সড়ক ‘গ্রেট ওশান রোড’-এ। বরাবরের মতো থাকছে জনপ্রিয় পর্ব ‘কাশেম টিভি’, দর্শকদের চিঠিপত্র এবং সমসাময়িক বিভিন্ন সামাজিক অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ।

দীর্ঘদিন ধরে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাধারণ মানুষের জীবনগাথাকে বিনোদনের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরছে ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরকে ঘিরে নির্মিত এবারের পর্বও দর্শকদের জন্য হতে যাচ্ছে বৈচিত্র্যময় ও উপভোগ্য এক আয়োজন।

আরও পড়ুন বিতর্কের মাঝে বিউটি রানী পালের পাশে দাঁড়ালেন আসিফ আকবর

‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। বরাবরের মতো এর পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Advertisement

এমএমএফ